রাঙামাটিতে বাসচাপায় ২ গোয়েন্দা কর্মকর্তা নিহত

রাঙামাটি শহরের পাবলিক হেল্থ এলাকায় একটি যাত্রীবাহী বাসের চাপায় গোয়েন্দা সংস্থার দুজন সদস্য নিহত হয়েছেন।

গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রাঙামাটি জেলার দায়িত্বরত ডিজিএফআই সাব ইন্সপেক্টর দাউদ হাসান (৩৮) ও সার্জেন্ট ইসা রুহুল (৩৫)। নিহত দাউদ ভোলা জেলা সদরের কালিবাড়ি রোড এলাকা এবং ইসা রুহল সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরের গোবিন্দপুর এলাকার বাসিন্দা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাঙামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, সোমবার রাতে সাড়ে ৯টার দিকে নিহত দুজন একটি মোটরসাইকেলে করে শহরের বনরূপা থেকে কলেজ গেটের দিকে যাচ্ছিলেন। পথে পাবলিক হেল্থ সড়ক মুখে পৌঁছালে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা বিরতিহীন পাহাড়িকা বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ইসা রুহুলের মৃত্যু হয়। পরে হাসপাতালে নেওয়ার পর দাউদ হাসানকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে নেওয়া রাখা হয়েছে।

রাঙামাটি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নূরজাহান বেগম জানান, হাসপাতালে আনার আগেই দুজনই মারা গেছেন।

এ ব্যাপারে রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা বেগম জানিয়েছেন, দুর্ঘটনার পর বাসটি আটক করা হয়েছে। তবে এর চালক পালিয়ে গেছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.