প্রতিটি বিভাগেই বার্ন ও প্লাস্টিক সার্জারি হাসপাতাল হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

দেশের আট বিভাগেই ৮টি বার্ন ও প্লাস্টিক সার্জারি হাসপাতাল হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আদলে এসব হাসপাতাল স্থাপন করা হবে বলে জানিয়েছেন তিনি।

আজ বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে রাজধানীর মহাখালী জাতীয় ক্যান্সার ইন্সটিটিউট ও হাসপাতালে বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি এমন কথা বলেন।

জাহিদ মালেক বলেন, প্রতিটি বিভাগে আমরা হাসপাতাল করে দিচ্ছি। আমাদের স্বাস্থ্য বিভাগকে আমরা ডিসেন্ট্রালাইজড করছি। জাপানের অর্থায়নে ৮টি বিভাগের ৮টি ইমেজিং সিস্টেম স্থাপন করা হচ্ছে। যেখানে এক্সরে মেশিন, সিটি স্ক্যান, এমআরআই মেশিন থাকবে। আবার ৮টি বিভাগে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আদলে ৮টি বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি হাসপাতাল করা হচ্ছে।

স্বাস্থ্য মন্ত্রী আরও বলেন, আমরা আরো অনেক হাসপাতাল করব। যেন মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে যায়। যেভাবে কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে প্রাথমিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে গিয়েছে। মানুষ যেন তারা বিভাগেই স্বাস্থ্য সেবা পায়। বিভাগীয় পর্যায়ে হাসপাতালগুলো চালু হলে ঢাকায় রোগীর চাপ কমে যাবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবির, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল) ফরিদ হোসেন মিয়া, জাতীয় বক্ষব্যাধি ইন্সটিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মু. সাইদুল ইসলাম প্রমুখ।

জাতীয় ক্যান্সার ইন্সটিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. স্বপন কুমার বন্দ্যোপাধ্যায় এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.