এসএসসি পরীক্ষায় বসা হলো না মিশু-নিশার, প্রাণ কেড়ে নিল চান্দের গাড়ি

চট্টগ্রামের ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় মিশু আক্তার ও নিশা মণি নামের দুই স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।

আজ বুধবার দুপুর দেড়টায় উপজেলার পাইন্দং ইউনিয়নের পেলাগাজী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই স্কুলছাত্রী স্থানীয় হাইদচকিয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভূজপুর কাজিরহাটের দিক থেকে আসা একটি চান্দের গাড়ি আটক করতে ট্রাফিক পুলিশ ধাওয়া দিলে গাড়ির গতি বাড়িয়ে দেন চালক।

এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা পার হওয়া দুই স্কুলছাত্রীকে চাপা দেয় চান্দের গাড়িটি। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। রাস্তা পার হয়ে তারা বাড়ি ফিরছিল। পরে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত্যু নিশ্চিত করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. নাবিল চৌধুরী বলেন, ‘দুই স্কুলছাত্রীকে হাসপাতালে আনা হয়েছিল। কিন্তু আগেই তাদের মৃত্যু হয়। ‘

নিহত মিশু আকতার উপজেলার পাইন্দং ইউনিয়নের দক্ষিণ পাইন্দং গ্রামের আবুল বশর ও নিহত নিশা মণি একই ইউনিয়নের হাইদচকিয়া গ্রামের লোকমানের মেয়ে।

এদিকে, এ ঘটনায় স্থানীয়রা পেলাগাজী এলাকায় প্রায় ঘণ্টাব্যাপী চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.