‘এমডি হওয়ার যোগ্যতা আমার নেই’

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির এবারের নির্বাচনে ১৭ সংগঠনের কাউকে এফডিসিতে প্রবেশ করতে দেওয়া হয়নি। এ নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন সংগঠনগুলোর নেতারা।

গত ৩০ জানুয়ারি এফডিসির এমডি নুজহাত ইয়াসমিনের অপসারণ চেয়ে তার কুশপুতুলে আগুন দেন তারা। তারা নতুন এমডি হিসেবে অভিনেতা আলমগীরকে দাবি করেন।

বিষয়টি নিয়ে কিংবদন্তি এ অভিনেতা গতকাল গণমাধ্যমের সঙ্গে কথা বলেন।

তিনি বলেন, ‘আমি চলচ্চিত্রের মানুষ। চলচ্চিত্রকে ভালোবাসি। তবে আমি মনে করি এফডিসির এমডি হওয়ার যোগ্যতা আমার নেই। এই পদে আসতে চাইলে আরও ৫-৭ বছর আগেই পারতাম।’

এ সময় সাংবাদিকরা জানতে চান, চলচ্চিত্রের মানুষ ও দেশের অনেক দর্শক সোশ্যাল মিডিয়ায় আপনাকে এফডিসির এমডি পদে দেখতে চেয়েছেন। এ বিষয়ে কী বলবেন? জবাবে আলমগীর বলেন, ‘এর আগেও তো চলচ্চিত্রের মানুষেরা এফডিসির এমডি হয়েছে। ওয়াসীমুল বারী রাজীব, পীযূষ বন্দ্যোপাধ্যায়রা দায়িত্ব নিয়েছেন। তারা কি এফডিসিকে সোনা দিয়ে মুড়িয়ে রেখেছিলেন? আজ দেখুন আমি তাদের সমালোচনা করছি। তিন বছর পর আপনারা আমার সমালোচনা করবেন।’

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.