হত্যা মামলায় বড়ভাইয়ের ফাঁসি, ছোটভাইয়ের আমৃত্যু কারাদণ্ড

নড়াইলে রেজাউল নামে এক ব্যক্তিকে হত্যা মামলায় বড়ভাইকে ফাঁসি ও ছোটভাইকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। এ সময় দুজনকেই ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

রোববার সকালে জেলা দায়রা জজ আদালতের বিচারক মুন্সি. মো. মশিয়ার রহমান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি যশোর অভয়নগর থানার সোনা মোল্যার ছেলে বাছের আলী মোল্যা ও তার ছোটভাই আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত কামাল মোল্যা।

মামলার বিবরণে জানা যায়, নড়াইল সদর উপজেলার শিমুলিয়া গ্রামে বাছের মোল্যা ও কামাল মোল্যা মো. বাবুল মোল্যার বিধবা বোনকে প্রায় উত্ত্যক্ত করত। পরে বাবুল মোল্যার ছেলে রেজাউল মোল্যা আসামিদের তাদের বাড়িতে আসতে এবং বিধবা ওই নারীকে উত্ত্যক্ত করতে নিষেধ করেন।

২০১৯ সালের ২৬ জুন রাতে আসামিরা ভিকটিম রেজাউলের বাড়িতে আসে এবং তাকে টানতে টানতে নিয়ে যায়। এ সময় কামাল মোল্যা লাঠি দিয়ে রেজাউলের মাথায় আঘাত করে।

পরে অপর আসামি বাছের মোল্যা লোহার পেরেক লাগানো বাঁশ দিয়ে তার বাম কানের ওপরে আঘাত করে। এতে রেজাউল মারাত্মক জখম হয়। এর পর আসামিরা তাকে ফেলে পালিয়ে যায়। রেজাউলকে উদ্ধার করে প্রথমে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়।

পরে সেখান থেকে নড়াইল সদর হাসপাতালে চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে পর দিন ২৭ জুন তার মৃত্যু হয়। পরে নড়াইল সদর থানায় একটি মামলা করা হয়।

দীর্ঘ সাক্ষ্যগ্রহণ শেষে আজ এ রায় ঘোষণা করেন আদালত।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.