মিষ্টি নিয়ে তৈমুর চাচার বাসায় আইভী

টানা তৃতীয়বারের মতো নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হয়েছেন সেলিনা হায়াৎ আইভী।

গতকাল রোববার বিপুল ভোটে জয়লাভের পর আজ সোমবার তার প্রধান প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকারের বাসায় হাজির হয়েছেন আইভী, সঙ্গে নিয়ে গেছেন মিষ্টি।

সোমবার বিকেল ৫টায় শহরের মাসদাইর এলাকায় তৈমুরের বাসভবনে পৌঁছান আইভী। এ সময় তৈমুর ‘কাকাকে’ মিষ্টি মুখ করান তিনি। তৈমুরও তার ‘ভাতিজি’ আইভীকে মিষ্টিমুখ করান, মাথায় হাত রেখে দোয়া করেন।

তৈমুর আলম খন্দকার বলেন, ‘আইভীর বাবা আলী আহম্মদ চুনকার সঙ্গে আমার আধ্যাত্মিক সম্পর্ক। এই সম্পর্ক কখনো নষ্ট হবে না। আপনারা সবাই আইভীকে সহযোগিতা করবেন। আমার শ্রদ্ধা আলী আহম্মদ চুনকার জন্য আজীবন থাকবে। তার মেয়ে আইভীর পাশে সব বিপদ-আপদে আছি, থাকব। অদৃশ্য শক্তির মতো পাশে থাকব।’

তৈমুরকে চাচা সম্বোধন করেন আইভী। গতকাল সন্ধ্যায় ভোটের ফলাফল ঘোষণার পর গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় চাচার বাসায় যাওয়ার কথা জানিয়েছিলেন তিনি।

এবারের নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আইভী ১ লাখ ৫৯ হাজার ৯৭ ভোট পেয়ে মেয়র পদে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি থেকে সদ্য অব্যাহতি পাওয়া স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমুর পান ৯২ হাজার ৫৬২ ভোট।

এর আগে ২০১৬ সালের সিটি নির্বাচনে বিজয়ী হওয়ার পরের দিন মিষ্টি নিয়ে ধানের শীষের প্রার্থী সাখাওয়াত হোসেন খানের বাড়িতেও গিয়েছিলেন আইভী।

সোমবার সকালে আইভী গণমাধ্যমকে জানান, তিনি সকালেই তৈমূর আলম খন্দকারের বাসায় আসতে চেয়েছিলেন। তবে সে সময় তিনি বাসায় না থাকায় যেতে পারেননি।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.