প্রধান নির্বাচক নান্নু করোনা পজিটিভ

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। বিকালেও তিনি বাংলাদেশের নিউ জিল্যান্ড জয় উপলক্ষে বোর্ড কার্যালয়ে গণমাধ্যমের মুখোমুখি হন। সন্ধ্যায় জানা গেল, তার করোনা ধরা পড়ার কথা।

তবে শারীরিক কোনো জটিলতা নেই। নান্নু বলেন, ‘আমি আলহামদুলিল্লাহ সুস্থ আছি। কোনো উপসর্গ নেই। দোয়া করবেন আমার জন্য।’

মঙ্গলবার (৪ জানুয়ারি) বিসিবি পরিচালক তানভীর আহমেদ টিটু কোভিড পজিটিভ হন।

বুধবার (৫ জানুয়ারি) বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ের পর গণমাধ্যমের সামনে দাঁড়ান নান্নু। সেখানে তিনি প্রধান নির্বাচক হিসেবে কাজ করে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন। গত বছরের ৩১ ডিসেম্বর জাতীয় নির্বাচক প্যানেলের মেয়াদ শেষ হয়েছে। চুক্তির মেয়াদ কিংবা নতুন কাউকে নিয়োগ না দেওয়ায় আগের প্যানেলই এখনো কাজ করে যাচ্ছে।

২০১৬ সাল থেকে প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করে যাচ্ছেন নান্নু। এর আগে ২০১১ সাল থেকে ছিলেন নির্বাচক প্যানেলে। পাঁচ বছর পর প্রধান নির্বাচক ফারুক আহমেদ পদত্যাগ করলে এই দায়িত্ব পান নান্নু। ২০১৯ সালে পুনরায় মেয়াদ বেড়েছিল।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.