জাবি ছাত্রীদের নিয়ে আপত্তিকর মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন শাবিপ্রবি ভিসি

নিজের বিরুদ্ধে চলমান আন্দোলনের মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করে নতুন করে সমালোচনার মুখে পড়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদ। তবে তিনি তার সেই মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন বলে জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) কর্তৃপক্ষ।

আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আজ বেলা ২টার দিকে জাবির জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ বেলা ১১টা ৫৯ মিনিটে জাবি উপাচার্য ফারজানা ইসলামের মোবাইল ফোনে কল করেন শাবিপ্রবি উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদ। এ সময় তিনি জাবি ছাত্রীদের সম্পর্কে করা মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে ক্ষমা চান।

তবে ফরিদ উদ্দিন আহমেদ দাবি করেছেন, তার বক্তব্য সম্পাদনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে। এতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মনে ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সংশ্লিষ্ট সবাই আহত হয়েছেন। তিনি বিষয়টি অনুধাবন করছেন। তিনি আশা করছেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উদার ও প্রগতিশীল শিক্ষার্থী ও শিক্ষকেরা তাকে ক্ষমা করে দেবেন।

উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদের পদত্যাগের দাবিতে অনশনে বসেছেন শাবিপ্রবির শিক্ষার্থীরা। আন্দোলনের মধ্যেই উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়, সেখানে তাকে বলতে শোনা যায়, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মেয়েদের সহজে কেউ বউ হিসেবে নিতে চায় না।’

এমন আপত্তিকর মন্তব্যের প্রতিবাদ জানান জাবি শিক্ষার্থীরা। গত বুধবার ফরিদ উদ্দিন আহমেদের কুশপুত্তলিকা পোড়ান তারা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি ও বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ পৃথক বিবৃতিতে ফরিদ উদ্দিন আহমেদের বক্তব্য প্রত্যাহারের দাবি জানান। এ ছাড়া গত শনিবার ফরিদ উদ্দিনের পদত্যাগের দাবিতে প্রতীকী অনশন এবং মধ্যরাতে মশাল মিছিল করেন জাবি ছাত্রীরা।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.