ছাত্রলীগের হামলায় টিএসসিতে আয়োজিত কাওয়ালি গানের অনুষ্ঠান পণ্ড

টিএসসিতে আয়োজিত কাওয়ালি গানের অনুষ্ঠান পণ্ড হয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে টিএসসির পায়রা চত্ত্বর এলাকায় ছাত্রলীগের কর্মীরা হামলা চালায় বলে অভিযোগ আয়োজকদের।

জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে কাওয়ালী অনুষ্ঠানের ওই আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের সাবেক তিন শিক্ষার্থী। সন্ধ্যা ৬টায় অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল। আগে থেকে কাওয়ালি শুনতে টিএসসিতে অনেকে ভিড় করতে থাকেন। একপর্যায়ে উপস্থিতদের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হলে উত্তেজিত শিক্ষার্থীরা কাওয়ালি অনুষ্ঠানের মঞ্চে ভাংচুর শুরু করে। ভাংচুরকারীরা আয়োজকদের কয়েকজনকে মারধর করে। এতে কয়েকজন আহন হন।

হামলাকারীরা প্রথম বর্ষের ছাত্রলীগ কর্মী বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

আয়োজকদের দাবি, এই হামলার সঙ্গে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন জড়িত।

আয়োজকদের একজন হুজাইফা গণমাধ্যমকে  বলেন, ছাত্রলীগ কোনোভাবে প্রোগ্রামটি বাতিল করতে না পেরে তাদের পোলাপানকে দিয়ে হামলা করায়।

অভিযোগ অস্বীকার করে ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেন, আয়োজকরা নিজেরা উপদলে বিভক্ত হয়ে এই হামলা ঘটিয়েছে। এখানে নারীরা থাকবে কি থাকবে না? প্রকাশ্যে গান গাওয়া যাবে কিনা এসব নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব ছিল।

তিনি আরো বলেন, এই মহল কিছু ঘটলেই ছাত্রলীগকে দায়ী করে। তাদের উদ্দেশ্যে ছাত্রলীগকে হেয় করা।

তিনি বর্তমানে ক্যাম্পাসের বাইরে অবস্থান করছেন বলেও দেশ রূপান্তরকে জানান।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রোক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, কারা হামলা চালিয়েছে জানিনা। হামলাকারীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে।

হামলার পরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ছাত্রলীগের বিরুদ্ধে স্লোগান দিয়ে প্রক্টর অফিসের সামনে অবস্থান নেয়।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.