করোনা আক্রান্ত হওয়ায় জামিন পেলেন নর্দার্ন ইউনিভার্সিটির চেয়ারম্যান

করোনা পজিটিভ হওয়ায় প্রতারণা ও জালিয়াতির মামলায় নর্দার্ন বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবু ইউসুফ মো. আব্দুল্লাহর জামিন মঞ্জুর করেছেন আদালত।

আজ মঙ্গলবার বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন।

একই সঙ্গে অপর আসামি রিয়াজুল আলমের জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। তবে এর আগে এদিনই আসামি অধ্যাপক আবু ইউসুফ মো. আব্দুল্লাহর জামিন আবেদনের শুনানি বুধবার ধার্য করে আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেলেন আদালত।

এ আদেশের পর আসামি করোনা পজিটিভ হওয়ায় মঙ্গলবারই জামিন শুনানির আবেদন করেন। ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি সাইদুর রহমান মানিক, মিজানুর রহমানসহ প্রমুখ আইনজীবী জামিন আবেদনের পক্ষে শুনানি করেন।

অন্যদিকে বাদী পক্ষে ঢাকা আইনজীবী সমিতির বর্তমান সভাপতি আব্দুল বাতেন ও সাধারণ সম্পাদক খন্দকার হযরত আলী জামিনের বিরোধিতা করেন। কিন্তু আদালত আসামি করোনা পজিটিভ থাকায় জামিন মঞ্জুর করেন।

এর আগে গত ১০ জানুয়ারি আসামিদের গ্রেপ্তার করে পুলিশ। রাজধানীর খিলক্ষেত থানায় আশিয়ান ল্যান্ডস ডেভেলপমেন্ট লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মো. সাইফুল ইসলাম ভুঁইয়া মামলাটি দায়ের করেন। মামলাতে আবু ইউসুফ মো. আব্দুল্লাহর সহযোগী হিসেবে মো. রিয়াজুল আলম ও সেলিম মুন্সিসহ অজ্ঞাতনামা আরও ছয়-সাত জনকে আসামি করা হয়।

মামলার এজাহারে বলা হয়েছে, ক্যাম্পাস স্থাপনের জন্য আশিয়ান ল্যান্ডস ডেভেলপমেন্টের ৫ বিঘা জমি পছন্দ করে নর্দার্ন বিশ্ববিদ্যালয়। আলোচনাসাপেক্ষে ওই জমির মূল্য নির্ধারণ করা হয় ৫০ কোটি টাকা। এর মধ্যে চেকের মাধ্যমে ৩০ কোটি টাকা পরিশোধ করে নর্দার্ন বিশ্ববিদ্যালয়। বাকি ২০ কোটি টাকা পরে পরিশোধ করার কথা বলা হয়।

পরে নর্দার্ন বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহর কাছে বাকি ২০ টাকা চাইলে তিনি জানান, সব টাকা পরিশোধ করা হয়েছে। বাদী খোঁজ নিয়ে জানতে পারেন, ওই জমি ৯ কোটি ৩৩ লাখ টাকায় কেনা হয়েছে বলে দেখানো হয়েছে।

আরও জানা যায়, দলিল সম্পাদনকারী মোহরার হিসেবে বাদীর অফিসের মোহরারের নাম থাকলেও তিনি এ ধরনের কোনো দলিল লেখার কাজের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না বলে জানিয়েছেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.