করোনায় আক্রান্ত অমিতাভ রেজা, তবুও করলেন শুটিং

নতুন বিজ্ঞাপনের শুটিংয়ের জন্য সব কিছু প্রস্তুত। কিন্তু এরমধ্যে নির্মাতার কাছে রিপোর্ট এলো- করোনা পজিটিভ। তবুও দমলেন না পরিচালক, এমনকি গোপনও করলেন না তথ্য। বাসা থেকে বসেই দিলেন ডিরেকশন। আর ওদিকে শুটিং চললো সেটে। এমনই ঘটনার নজির করলেন ‘আয়নাবাজি’ খ্যাত নন্দিত নির্মাতা অমিতাভ রেজা।

অমিতাভ রেজার ভাষ্য, ‌‘আমি কোভিড পজিটিভ। হেয়ার স্পেশালিস্ট এসেছে বিদেশ থেকে। দুর্দান্ত একটা শুটের জন্য আমাদের পুরো টিম তৈরি। এর মাঝে এই বিপদ। অসুখ-বিসুখ কখনও কিছু করতে পারে নাই আমাকে। তাই নিজে ঘরে থেকে পুরো শুটিং শেষ হলো। কাজটা কিন্তু অসম্ভব যদি না আমার প্রযোজক ও সহকর্মীরা সহযোগিতা করতেন।’

তিনি আরও বলেন, ‘বিজ্ঞাপনচিত্র নির্মাণ খুব বিশেষ কিছু না। চাইলে যেকোনও পরিস্থিতিতে শুটিং চালিয়ে যাওয়া সম্ভব যদি টিমটা ভালো হয়।’

জানা গেছে, এটি ছিল একটি বিজ্ঞাপনচিত্রের কাজ। যার মডেল হয়েছেন বিদ্যা সিনহা মিম। শিগগিরই বিজ্ঞাপনটি দেখা যাবে দেশের টেলিভিশন চ্যানেলগুলোতে।

এদিকে, নির্মাতা অমিতাভ রেজা জানান, তার শারীরিক অবস্থা এখন ভালো। বাসাতেই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী থাকছেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.