ঐক্যবদ্ধ আন্দোলন ছাড়া বিকল্প পথ নেই : ডা. জাফরুল্লাহ

গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, যেকোনো মামলায় জামিন পাওয়া মানুষের জন্মগত অধিকার। অথচ তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ছলনার আশ্রয় নিয়ে সাজা দেওয়া এবং তার উন্নত চিকিৎসার প্রয়োজনে বিদেশযাত্রার ওপর নিষেধাজ্ঞার খড়গ্ ঝুলিয়ে তিল তিল করে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। এসবের বিরুদ্ধে দেশব্যাপী ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলা ছাড়া বিকল্প কোনো পথ নেই। এক ব্যক্তির নির্দেশে দেশের সমস্ত কর্মকাণ্ড আবর্তিত হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

আজ শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয় পার্টির (কাজী জাফর) মহাসচিব যুদ্ধাহত মুক্তিযোদ্ধা কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাফরউল্লাহ খান চৌধুরী লাহরীর স্মরণে এ সভা আয়োজন করা হয়।

ডা. জাফরুল্লাহ বলেন, ঘুষ, দুর্নীতি, সামাজিক অবক্ষয় সর্বস্তরে আজ গেড়ে বসেছে। সরকারি প্রশাসন ও চিকিৎসা সেবা থেকে শুরু করে, সর্বোচ্চ বিচার ব্যবস্থার ক্ষেত্রেও এর প্রতিফলন দগদগে ঘায়ের সৃষ্টি করেছে। তারই প্রমাণ ইমান আলীদের মতো ব্যক্তিদের হতাশ হয়ে দীর্ঘ ছুটিতে যাওয়া।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দার বলেন, বায়ান্ন, বাষট্টি ও ঊনসত্তরের পথ অনুসরণ করে অচিরেই এক গণবিস্ফোরণের মাধমে দেশের ছাত্র-জনতা স্বৈরাচারী সরকারের পতন ঘটাবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, বাংলাদেশ লেবার পার্টির সভাপতি মোস্তাফিজুর রহমান ইরান, ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, জাতীয় পার্টির মহাসচিব আহসান হাবীব লিংকন প্রমুখ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.