সীমান্তে ‘বিজিবির সোর্সকে’ গুলি করে হত্যা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় হযরত আলী (৫৫) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ব্যক্তি বাংলাদেশ বর্ডার গার্ডের (চুয়াডাঙ্গা বিজিবি-৬) সোর্স হিসেবে কাজ করতেন বলে জানা গেছে।

মঙ্গলবার রাত পৌনে ৩টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন থেকে তিনি মারা যান।

এর আগে রাত সাড়ে ১২টার দিকে উপজেলার নাস্তিপুরে এ ঘটনা ঘটে।

নিহত বৃদ্ধ হযরত আলী দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের নাস্তিপুর গ্রামের পশ্চিমপাড়ার মৃত রহিছ উদ্দিনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন দর্শনা থানা ওসি এএইচএম লুৎফুল কবীর।

নিহতের ছেলে তৌফিক হোসেনের দাবি, তার বাবা হযরত আলী বাংলাদেশ বর্ডার গার্ডের (চুয়াডাঙ্গা বিজিবি-৬) সোর্স হিসেবে কাজ করতেন। সীমান্ত এলাকার চোরাকারবারিরা তার বাবাকে হত্যা করেছে।

তৌফিক বলেন, রাত সাড়ে ১২টার দিকে বিকট শব্দে আমার ঘুম ভেঙে যায়। পরে পাশের কক্ষে আমার বাবার গোঙানি শুনতে পেয়ে সেখানে গিয়ে দেখি তার মাথা থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। বাবাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ভর্তি করি। রাত পৌনে ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ঘরের জানালা খোলা থাকায় সেখান দিয়ে গুলি করে দুর্বৃত্তরা।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সোহরাব হোসেন বলেন, রাত সোয়া ১টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আনা হয় ওই ব্যক্তিকে। তার মাথায় গুলি করা হয়েছে। রাত পৌনে ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাকে মৃত ঘোষণা করা হয়।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.