লঞ্চ দুর্ঘটনা নিয়ে বিএনপির বক্তব্য দেউলিয়াপনার বহিঃপ্রকাশ

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, লঞ্চ দুর্ঘটনা নিয়ে বিএনপি ও সমমনা দলগুলোর বক্তব্য তাদের রাজনৈতিক দেউলিয়াপনার বহিঃপ্রকাশ।

শনিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর রামপুরায় বিটিভি ভবনে বাংলাদেশ টেলিভিশনের ৫৮ বর্ষে পদার্পণ অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

যাত্রীবাহী লঞ্চে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনাকে বিএনপির নেতারা ‘সরকারের দুঃশাসনের ফল’ বলে মন্তব্য করা প্রসঙ্গে জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, এ ক্ষেত্রে তদন্ত হচ্ছে এবং এটি দুর্ঘটনা না নাশকতা সেটি তদন্তে বেরিয়ে আসবে এবং যারা দোষী সাব্যস্ত হবেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যেই নিহতদের পরিবারের জন্য নৌপরিবহন মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রাথমিক সাহায্য দেওয়া এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করা হয়েছে। প্রধানমন্ত্রী বিষয়টি মনিটর করছেন।

কিন্তু এ বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল সাহেব এবং মান্না সাহেবসহ অন্যান্য নেতারা যেসব বক্তব্য রাখছেন, সেগুলো তাদের রাজনৈতিক দেউলিয়াত্ব থেকেই বলছেন, বলেন ড. হাছান মাহমুদ।

তাহলে উন্নত দেশগুলোসহ পৃথিবীর বিভিন্ন দেশে এবং এ দেশে আগেও যেসব দুর্ঘটনা ঘটেছে, সে বিষয়ে তারা কি বলবেন প্রশ্ন রেখে তথ্যমন্ত্রী বলেন, এর সাথে তো রাজনীতির কোনো সম্পর্ক নেই।

ড. হাছান মাহমুদ বলেন, সবকিছুর সাথে রাজনীতি নিয়ে আসা অবান্তর। কেউ যদি বলেন, মান্না সাহেব ছয়বার দলবদল করেছেন, সেটিও কি সুশাসনের অভাবে! মির্জা ফখরুল সাহেবসহ অন্যান্য বিএনপি নেতারাও যারা খোলস বদলেছেন, সেটিও কি সুশাসনের অভাবে! এসব বক্তব্য রাজনৈতিক দেউলিয়াপনার বহিঃপ্রকাশ ছাড়া কিছু নয়।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.