সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস বলেন, বাংলাদেশ সব মানুষের হয়নি। তার প্রমাণ হচ্ছে ১৭ দিন আগের ভয়ংকর ঘটনাটি। সার্জেন্ট মহুয়া হাজং একজন পুলিশ কর্মকর্তা হিসেবে রাষ্ট্রের সেবা করছেন। তাঁর বাবা মনোরঞ্জন হাজং বিজিবির সদস্য হিসেবে সীমান্ত রক্ষা করে রাষ্ট্রের সেবা করেছেন। এমন একটি ঘটনার শিকার হলেও তাঁদের মামলা কেউ নিচ্ছে না। রোবায়েত ফেরদৌস বলেন, আমরা কোথায় আছি? এ রকম সীমাহীন অবিচার বাংলাদেশে দেখতে হবে? তাঁরা প্রান্তিক হাজং জনগোষ্ঠীর সদস্য হওয়ার জন্য কি এই অবস্থা, নাকি একজন বিচারপতি রাষ্ট্রক্ষমতার ওপরের ভাগে থাকেন বলে এই অবস্থা? এই কাঠামোগত বৈষম্যের মধ্য দিয়ে প্রান্তিক মানুষের বিচারের জায়গাটি বন্ধ করা হচ্ছে।
মানবাধিকারকর্মী আকরামুল হক বলেন, বাংলাদেশ রাষ্ট্রে ক্ষমতাকাঠামোর বাইরে থাকা সাধারণ মানুষ বিচার পাচ্ছে না।
ন্যায়ানুগ আচরণ না করলে বর্তমান সরকারের বিরুদ্ধে জনক্ষোভ তৈরি হবে। মনোরঞ্জন হাজংয়ের ঘটনাটিকে ‘হত্যা প্রচেষ্টা’ বলে আখ্যায়িত করেন যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক খান আসাদুজ্জামান মাসুম। তিনি বলেন, এই হত্যাচেষ্টার বিচার করে বিচারব্যবস্থাকে মানুষের আস্থার জায়গায় ফিরিয়ে আনতে হবে।
ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক দীপক শীল বলেন, স্বাধীনতার ৫০ বছরেও বাংলাদেশে মানুষের অধিকার প্রতিষ্ঠা করা যায়নি। এটি আমাদের জন্য দুঃখ ও লজ্জার। বিচার পেতে হলে জনগণকে জাগতে হবে। প্রকাশক রবিন আহসানের সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির তথ্য ও প্রচার বিভাগের সদস্য দীপায়ন খীসা বক্তব্য দেন। পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ ও হিউম্যান রাইটস সাপোর্ট ফোরাম কর্মসূচিতে সংহতি জানায়।

