বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বহুত্ববাদ ও গণতন্ত্রের আদর্শ হিসেবে অভিহিত করেছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
বুধবার (১৫ ডিসেম্বর) হোটেল সোনারগাঁওয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।
সাক্ষাতের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।
ভারতের রাষ্ট্রপতি বলেন, ভারতের উন্নয়ন অংশীদার বাংলাদেশ। বাংলাদেশ-ভারতের মধ্যে অংশীদারত্ব ব্যাপক এবং প্রাণবন্ত।
তিনি আরও বলেন, বাংলাদেশ যখন বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও দেশ দুটির মধ্যে কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তী উদযাপন করছে, এমন একটি সময়ে তিনি এই অনুষ্ঠানগুলোতে উপস্থিত থাকতে পেরে খুবই আনন্দিত।
এর আগে বুধবার (১৫ ডিসেম্বর) বেলা ১১টার দিকে তিন দিনের সফরে ঢাকায় আসেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন ভারতীয় ফার্স্ট লেডি এবং তাদের মেয়ে, ভারতের শিক্ষামন্ত্রী, দুজন সংসদ সদস্য এবং ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলাসহ বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা।
আগামী ১৭ ডিসেম্বর দুপুর তিনি দিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।

