বিমানবন্দর এলাকায় দুর্ঘটনায় প্রাণ গেল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর

রাজধানীর বিমানবন্দর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কন্টেইনারবাহী কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন।

গতকাল শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে পদ্মা অয়েল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

মাহাদি হাসান লিমন (২১) নামের ওই শিক্ষার্থী গ্রিন ইউনিভার্সিটির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার দমদমা পশ্চিম গ্রামের মোজাম্মেল হকের ছেলে। দুই ভাই ও এক বোনের মধ্যে লিমন ছিলেন দ্বিতীয়।

মাহাদির মামা ইমাম হোসেন জানান, মাহাদি উত্তরার কামারপাড়া এলাকায় থাকতেন। গতকাল ধানমন্ডিতে এক অসুস্থ আত্মীয়কে দেখতে গিয়েছিলেন তিনি। ওই বাসা থেকে রাতে কামারপাড়া ফেরার পথে কাভার্ড ভ্যানের চাপায় তিনি মারা যান।

জানতে চাইলে ঢাকা বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) কাজী কায়কোবাদ বলেন, ঘটনাটি মধ্যরাতের। মাহাদি হাসান নামের ওই তরুণ ঘটনাস্থলেই মারা যান। তাকে উদ্ধার করে গতকাল রাত পৌনে ২টায় ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। দুর্ঘটনার পর চালক পালিয়ে যান। কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে।

নিরাপদ সড়ক ও বাসে অর্ধেক ভাড়ার দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের মধ্যেই এ দুর্ঘটনা ঘটল। আন্দোলনের অংশ হিসেবে কয়েক দিন ধরে শিক্ষার্থীরা রামপুরা ব্রিজ এলাকায় জড়ো হয়ে কর্মসূচি পালন করছেন। সড়কের অনিয়ম দুর্নীতির প্রতিবাদে আজ শনিবার দুপুর ১২টায় রামপুরা ব্রিজ এলাকায় লাল কার্ড প্রদর্শন করা হবে বলে ঘোষণা দিয়েছেন তারা।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.