পঙ্কজ ভট্টাচার্য এবং কিছু কঠিন সত্য

জলের শ্যাওলা

শুদ্ধস্বর.কম পত্রিকার চতুষ্কোণ শুদ্ধস্বর সংলাপ নিয়ে অনুষ্ঠান পরবর্তী কোনো বিশ্লেষণ বা পর্যালোচনা লেখা হয়ে উঠে না। এর একমাত্র কারণ প্রবাস জীবনের কঠিন সময়। ইচ্ছা থাকা সত্ত্বেও সময় বের করে লেখা একটি বড় সমস্যা। এত অনুষ্ঠানের মাঝে কেবলমাত্র দুটো অনুষ্ঠানের বিষয়ে আপন ভাবনা লেখার সুযোগ হয়েছিলো। সিপিবির সভাপতি সেলিম ভাইয়ের অনুষ্ঠান এবং ঢাবির শিক্ষক ডক্টর আসিফ নজরুলের অনুষ্ঠান দুটো নিয়ে । অবশ্য তার পিছনেও কিছু কারণ নিহিত ছিলো এবং সেই কারণ সেই লেখাগুলোর  মাঝেই বলেছিলাম। আজকেও সময়ের টানে থেকেও ছোট্ট করে পঙ্কজ ভট্টাচার্যের বিজ্ঞ আলোচনার কিছু অংশ লেখার ইচ্ছা থেকেই আজকের এই লেখা। তবে প্রথমেই বলে নেই এটা কোনো পর্যালোচনা বা বিশ্লেষণ নয়। কেবলমাত্র আপন ভাবনা থেকে এবং আপন ক্ষুদ্র জ্ঞানের আলোকে পঙ্কজ ভট্টাচার্যের কিছু বলা কথাই মূলত নতুন করে তুলে ধারা মাত্র।

আমি বেশ অবগত আছি যে, আজকাল মানুষ বড় লেখায় চোখও বুলায় না, পড়াতো দূরের বিষয়। অবশ্য মানুষের বর্তমান জীবনে এত সময়ই বা কোথায় ? ধারণা করি সময়ের অভাবেই মানুষ আজকাল বই পড়াও কমিয়ে দিয়েছে। যাকগে সেটা ভিন্ন আলোচন। তবে একটি কথা বলতেই হয়, মুখস্ত বিদ্যা জীবনে যেমন প্রয়োজন আছে (ক্ষেত্র বিশেষে), বই পড়াও জীবনের জন্য অতীব প্রয়োজন।  আমি জানি মুখস্থ বিদ্যা নিয়ে আজকাল অনেক কথাই হয়। তবে কতটুকু যুক্তির সাথে অনেকে বলেন, সেটা আমার ক্ষুদ্র জ্ঞানে বোধগম্য হয় না।। মুখস্থ বিদ্যা জীবনে লাগে এবং লাগবে। এটা নিয়ে অন্য কোনো এক লেখায় লিখবো, আজকে নয়।

পঙ্কজ ভট্টাচার্য ছয় দশকের একজন বর্ষীয়ান রাজনীতিবিদ। এই বাংলার ৫২ ভাষা আন্দোলন থেকে শুরু করে ৯১ এর গণতন্ত্র পূণরুদ্ধার সবই নিজের চোখে দেখেছেন এবং সক্রিয় ভূমিকা রেখেছিলেন। উনার সেই ছয় দশকের অভিজ্ঞতার আলোকেই শুদ্ধস্বর সংলাপে কিছু কঠিন সত্য বলে গেছেন।

শুরুতেই ৪৭ এ ধর্মকে সামনে রেখে দ্বিজাতী ভিত্তিক দেশভাগের একটি প্রশ্নের পরিপ্রেক্ষিতে পঙ্কজ ভট্টাচার্য যা বলেছেন, মনুষের মনোজগত জয় করতে পশ্চিম পাকিস্তান সরাসরি ব্যার্থ হয়েছিলো এবং এক বছরের মাথায় দ্বিজাতী ভিত্তিক ভাগটিই নিষ্ফল প্রমাণীত হয়েছিলো। শুরুতেই পশ্চিম পাকিস্তান ভাষা কেড়ে নিয়ে রোমান বা আরবি ভাষায় বাংলা লেখার প্রচেষ্টা ছিলো পাকিস্তানীদের জন্য হীতে বিপরীত।  প্রথমত ভাষার বিষয়েই মানুষের প্রথম জাগড়ন শুরু হয় বা সেটাই ছিলো ৭১ সৃষ্টির মূল প্রতিপাদ্য বিষয়।।

রাষ্ট্রভাষা আন্দোলনের সম্মুখ সৈনিক ভাষা মতিন, এভডোকেট গাজিউল হক উনাদের মুখের বলা কিছু কথা বলেছেন। সেই সময় ১৪৪ ধারা ভাঙা নিয়ে তৎকালীন কমিউনিস্ট পার্টি সিদ্ধান্ত দিতে ব্যর্থ হয়েছিলেন। ভাষা মতিন, এভডোকেট গাজিউল উনারা ছিলেন ১৪৪ ধারা ভাঙার পক্ষে। সাধারণ ছাত্রছাত্রীদের মতামত ঢাবির আমতলার মিটিংয়ে উনারা ১৪৪ ধারা ভাঙার পক্ষে পান এবং অতঃপর ৫২ র ভাষা আন্দোলনের সেই ২১ ফেব্রুয়ারির রক্তাক্ত ইতিহাস।

ভাষা সৈনিক অলি আহাদের লেখা বই “জাতীয় রাজনীতি ১৯৪৫ থেকে ৭৫” -থেকে ভাষা আন্দোলনে  শেখ মুজিবের কি ভূমিকা ছিলো, এমন একটি প্রশ্নে স্পষ্টতই বলেছেন, মুজিব ভাই তখন জেলে। অবশ্যই উনি প্রত্যক্ষ ভাষা আন্দোলনে ছিলেন না। তবে শেখ সাহেব উনাকে জেলেই বলেছিলেন, ভাষা মতিন, এভডোকেট গাজিউল, উনাদের সাথে জেল থেকেই যোগাযোগ হত। চিরকুটের কথা আমরা যা শুনি, সেই সমন্ধে কিছুই বলেননি শেখ মুজিব। উনি একটি কথা স্পষ্ট করেছেন, অতি উৎসাহিতরা যে বলেন বঙ্গবন্ধুর নেতৃত্বে ভাষা আন্দোলন হয়েছে, এসব বলা বা দেখানোর কোনো প্রয়োজন আছে বলে তিনি মনে করেন না। উনি আরও বলেছেন বঙ্গবন্ধু ইতিহাসের অনেক উঁচুতে এবং ইতিহাসের নায়ক। ভাষা আন্দোলনের বিষয়ে বঙ্গবন্ধুর নেতৃত্ব বলাটা একপেশে বলেই মনে করেন এবং কোনো প্রয়োজন নেই বলেই স্পষ্টতই মনে করেন।

৫৪ নির্বাচনে মুসলিম লীগের ভরাডুবি হয়ছিলো এবং সেই ভরাডুবির পিছনে কমিউনিস্টদের দোষারপের বিষয়ে স্পষ্টতই উত্তরে পঙ্কজ ভট্টাচার্য বলেছেন, না বিষয়টি সঠিক নয়। সেই সময় অ্যাসেম্লিতে ৩০ জনের মতন কমিউনিস্ট ধারার ছিলেন । কমিউনিস্টরা  এই ভরাডুবির জন্য কাজ করেননি, উল্টো গণতান্ত্রিক কাজে সব সময় কাজ করেছেন।

৫৭ তে অজ পাড়াগায়ে কাগমারির মতন একটি আন্তর্জাতিক সম্মেলন কি করে সম্ভব হয়েছিলো ? এমন প্রশ্নের উত্তরে পঙ্কজ ভট্টাচার্যের স্পষ্টতই উতর ছিলো, সেই সময়ে যোগাযোগ ব্যবস্থার ঘাটতি মারাত্মক থাকার পরেও নেতা/ কর্মীদের আন্তরিকতার কারণেই এমন সম্মেলন সম্ভব হয়েছিলো। সেই সময়ে নেতা/ কর্মীরা রাজনীতিতে রাজনৈতিকভাবেই আন্তরিকতার সাথে জীবন বাজি রেখে দেশের জন্য একত্রিত কাজ করতেন।

কাগমারি সম্মেলনে মাওলানা ভাসানীর দৃঢ় কন্ঠের বক্তব্যে স্পষ্টতই বলেছিলেন, পূর্ব পাকিস্তানের ৫৬% মানুষের দাবী দাওয়াকে উপেক্ষা করবেন তো পূর্ব পাকিস্তানের জনগন আপনাদেরকে ” ওয়ালাইকুম সালাম” জানিয়ে দিবে। পঙ্কজ ভট্টাচার্য আরও স্পষ্ট বলেছেন যে, মাওলানা ভাসানীর সেই সময়ের এমন বৈপ্লবিক ও সাহসী উচ্চারণকে জনগণে কৃতজ্ঞতার সাথে সব সময় স্মরণ করা উচিত। সেই সময়ে এভাবে পাকিস্তানকে বিদায় দেবার কথা বলাটা চাট্টিখানি কথা ছিলো না।

৬২ সালে শিক্ষা কমিশন আন্দোলনের প্রশ্নে তিনটি কমিশনের কথা উল্লেখ করে বলেছেন যে, সেই আন্দোলন শিল্পী, সাহিত্যিক, শিক্ষক, কৃষক সবাই আন্তরিকতার সাথেই জাগ্রত করেছিলো, জনজাগরের মধ্য দিয়ে। সেই সময়ে আইয়ুব খান দার্শনিক সাইদুর রহমানকে প্রশ্ন করেছিলেন, আমাদের দুই ভূখণ্ডের মাঝে ১২০০ মাইল দূরত্ব থাকলেও আমাদের তো একি ধর্ম, তাহলে কেনো আমাদের মাঝে মানসিকভাবে এত দূরত্ব তৈরি হলো। এমনকি আইয়ুব খান সেই সময়ের মহা উন্নয়নের কথাও উল্লেখ করেছিলেন দার্শনিক সাইদুর রহমানের নিকট। সাইদুর রহমান উত্তরে বলেছিলেন, ধর্ম দিয়ে দূরত্ব কখনোই কমানো যায় না। এমনকি এই কথা মানিক মিঞা, জহুর হোসেন সহ  আরও অনেক বিজ্ঞজনেরা সেই সময়ে প্রচুর লিখেছেন, কঠিন সতর্কবানী দিয়েছেন, ৫৬% ভাগ মানুষের কথা বারবার বলেছেন, তারপরেও পশ্চিম পাকিস্তানীরা সতর্ক হয়নি। এক সময়ে পূর্ব পাকিস্তানের জনমানুষেরা পশ্চিম পাকিস্তানীদের কর্মের ( হবে অপকর্ম) কারণেই মুখ ফিরিয়ে নিবে। তার একটি কঠিন উদহারণ ৭০ এর ঘূর্ণীঝর। যেখানে তিনদিন পর্যন্ত কেন্দ্রীয় সরকারের কেউ খোঁজ খবর পর্যন্ত নেয়নি এবং উল্টো ইয়াহিয়া খান ছিলেন নিজের পানাহারে ব্যাস্ত। আরও একটি উদহারণ ভারত- পাকিস্তান যুদ্ধে পূর্ব পাকিস্তান একেবারেই এতিম হয়ে গিয়েছিলো। পূর্ব পাকিস্তানের রক্ষণাবেক্ষণের জন্য কেন্দ্রীয় ডিফেন্স কোনো ব্যবস্থাই গ্রহণ করেনি সেই সময়ে।

এখানে উল্লেখ করতেই হয়, ধর্ম বা শুধুমাত্র উন্নয়ন মানুষ জীবনের সব নয়। আরও উল্লেখ করতেই হয়, বর্তমান সরকার যে কেবলমাত্র উন্নয়নের কথা বলেন কিন্ত জনমানুষের সাথে রাষ্ট্রের ক্ষমতাসীন দলের সাথে একটি দূরত্ব বেশ স্পষ্টতই দেখা যাচ্ছে ( এটা আমার আপন মত )।

৬৩ তে পঙ্কজ ভট্টাচার্য নিজেই জেলে। যেখানে উনার বঙ্গবন্ধুর সান্নিধ্য আসার সুযোগ হয়। সেই সময়ে জেলে যাবার পূর্বে একটি মর্মান্তিক ঘটনার বিবরণ দিয়েছেন আমার করা একটি প্রশ্নে। প্রশ্নটি ছিলো, জেল থেকে জেলান্তরে- দেশ থেকে দেশান্তরে” । এটা উনার জীবন কাহিনীর ওপর একটি প্রশ্ন ছিলো। উনাকে চট্টগ্রাম জেল থেকে কুমিল্লা জেলে ট্রান্সফার করা হচ্ছে। রেলের এক প্লাটফর্মে উনি পুলিশ বেষ্টিত অবস্থায় এবং রেলের অপর প্রান্তের প্লাটফর্মে উনার বাবা-মা  বাংলাদেশ ত্যাগ করে ভারতে যাবার পালা। কাহিনীটি সত্যিই মর্মান্তিক।  একবার ভাবুন যে, একজন মানুষ দেশের জন্য জীবন বাজি রেখে লড়ে যাচ্ছে অথচ জীবনের তাগিতেই সেই মানুষটির বাবা- মা একি সময়ে দেশ ত্যাগ করছেন।

৪৭ এ দেশ ভাগের পর থেকে আজ অব্দি হীন্দু সম্প্রদায়ের ধীরে ধীরে দেশ ত্যাগ করায় বাধ্য করা এবং বর্তমানে নামতে নামতে ৯% এর ঘরে এসে ঠেকেছে স্বাধীনতার পরের সময়ের  সেই ২৯/ ৩০ % থেকে। তিনি এ বিষয়ে স্পষ্টতই বলেছেন, রাষ্ট্র ধর্ম হবার পর পরই সংখ্যালঘু হয়ে গেছে ভিন্ন ধর্মাবলম্বীরা। আরও একটি কারণ, পাক ভারত যুদ্ধকালীন এনিমি প্রোপার্টি ( অর্পিত সম্পত্তি) শব্দটি রয়ে গেলো কিন্ত শত্রুতা কমলো না। দুনিয়ার অনেক দেশেই যুদ্ধ হয়েছে তবে এমন আইন ( শত্রু সম্পত্তি )কোথাও নেই। উনি প্রশ্ন তুলেছেন, হীন্দু- বৌদ্ধ- খ্রীষ্টান কমিউনিটি কেনো মুসলমান সহ হয় না।

৭০ এর নির্বাচনে ভাসানী ন্যাপ কেনো অংশগ্রহণ করেননি, এমন প্রশ্নে পঙ্কজ ভট্টাচার্য বলেছেন, ভাসানী সরাসরি ছয় দফার বিরুদ্ধে ছিলেন। এমনকি ৭০ এর নির্বাচনে ন্যাপের কেউ সতন্ত্রভাবেও নির্বাচনে অংশগ্রহণ করেননি। তবে অনেক রাজনৈতিক এবং বিজ্ঞজনের লেখায় প্রায়শই দেখা যায় যে, ৭০ এর নির্বাচনে ভাসানী পরক্ষভাবে শেখ মুজিবকে ভোটে জিতিয়ে আনতেই ( যেন ভোট ভাগ না হয়) নির্বাচন থেকে বিরত ছিলেন।, এমন প্রশ্নে স্পষ্টতই বলেছেন, না এমনটা ছিলো না। উনি মাওলানা ভাসানীর সাথে স্বাধীন দেশেও বহুবার কথা বলেছেন,মাওলানা  কখনোই এমন দাবী করেননি। এমনকি তহা সাবেবও মাওলানার সাথে অনেকবার কথা বলেছেন, উনার কাছেও ভাসানী কখনোই এমন দাবী করেননি। তবে পঙ্কজ ভট্টাচার্য আরও বলেছেন মাওলানা ছিলেন সহজ– সরল মনের মানুষ।  উনাকে অনেকেই পাশ থেকে নানানভাবে ভুল পথের দিক নির্দেশনা দিয়ে থাকবেন।

বর্তমান বাংলাদেশের কথায় পঙ্কজ ভট্টাচার্য বেশ উদ্বেগের কথা বলেছেন। বিএনপি ও সামরিক সরকারের তিরিশ বছরের শাসনে যে ব্যাঘাত ঘটেছে সেটা স্পষ্টতই বলেছেন এবং বর্তমান আওয়ামী সরকারের আমলে গণতন্ত্র ক্রমশই নিম্নমুখী হচ্ছে যা সত্যিই বেদনা দায়ক বলে উল্লেখ করেছেন। এই সরকার এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোকে স্পষ্টতই জামায়াত এবং হেফাজতদের সঙ্গ ছাড়ার কথা বলেছেন। আরও স্পষ্টতই বলেছেন মুক্তিযুদ্ধের চেতনায় যে যেকোনো দলই করুক বা দলবিহিন হউক, মুক্তিযুদ্ধের চেতনায় সহমত থাকার কথা বলেছেন। গণতন্ত্রের কথা বলতে গিয়ে বলেছেন, গণতন্ত্র রাষ্ট্রের অপরিহার্য।  গণতন্ত্র থাকলে রাষ্ট্রের উন্নয়নও দ্রুত হয়। গণতন্ত্র বিহিন রাষ্ট্রকে উগ্রবাদীরা দ্রুত গ্রাস করে। সেটা বারবার ভাবার কথা বলেছেন অভিজ্ঞতার আলোকেই। বঙ্গবন্ধুর একটি ভাসনের কথা উল্লেখ করে বলেছেন, আত্মজিজ্ঞাসা, আত্মসমালোচনা, আত্মশুদ্ধি বর্তমানে দেশের সকল রাজনৈতিক দল ও নেতৃবৃন্দের অতীব প্রয়োজন।

 

 

বুলবুল তালুকদার 

যুগ্ম সম্পাদক, শুদ্ধস্বর.কম

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.