সমাজের তথাকথিত শিক্ষিতরাই তাদের বৃদ্ধ বাবা-মায়ের প্রতি সীমাহীন উদাসীনতা দেখায় জানিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।
আজ সোমবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত এক প্রবীণ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি। সোসাইটির চেয়ারম্যান বিচারপতি মো. মমতাজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে সংগঠনটির নেতারা এ সময় বক্তব্য দেন।
প্রধান বিচারপতি বলেন, প্রবীণদের প্রতি নিপীড়ন বেড়েই চলছে। তথাকথিত শিক্ষিতরা বয়োবৃদ্ধ বাবা-মায়ের প্রতি সীমাহীন উদাসীনতা দেখাচ্ছেন। যা সবসময় আমাকে ব্যথিত করে। বাবা-মায়ের প্রতি অবহেলা দেখানো সরকারি কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ আনা এখন বাস্তবতার নিরিখে অপরিহার্য।
সৈয়দ মাহমুদ হোসেন বলেন, বাবা-মায়ের ভরণ-পোষণ তথা প্রবীণদের প্রতি নবীনদের দায়িত্ব পালন সব ধর্মেরই শিক্ষা। বাবা-মায়ের ভরণ-পোষণ আইন, ২০১৩ অনুযায়ী প্রত্যেক সন্তানকে তার বাবা-মায়ের ভরণ-পোষণ নিশ্চিত করতে হবে। কোনও বাবা-মায়ের একাধিক সন্তান থাকলে সেক্ষেত্রে সন্তানরা নিজেদের মধ্যে আলাপ-আলোচনার মাধ্যমে ভরণ পোষণ নিশ্চিত করবে।
সরকারের প্রণীত প্রবীণ নীতিমালা পিতা-মাতার ভরণ-পোষণ আইন পূর্ণ বাস্তবায়নে সমাজের সকলকে কার্যকর ভূমিকা পালন করার আহ্বান জানান প্রধান বিচারপতি।

