নিহত রুবেল হোসেন (৩০/৩৫) বিজিবির নায়েক হিসেবে কর্মরত ছিলেন।
রবিবার ভোট শেষে রাত সাড়ে ৯টার দিকে গাড়াগ্রাম ইউনিয়নের পশ্চিম দলিরাম মাঝাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে।
রাত ১১টার দিকে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে।
কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা ললিত চন্দ্র রায় বিজিবি সদস্য রুবেল হোসেনের নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ওয়ালিদ হোসেন মৃত্যুর বিষয় নিশ্চিত করে বলেন, ‘তদন্ত না করে বলা যাবে না কীভাবে মারা গেছেন।’
এলাকাবাসীরা বলছেন, কেন্দ্রটিতে ভোট গ্রহণ ও গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়। সে ফলাফল এক পরাজিত চেয়ারম্যান প্রার্থীর সমর্থকেরা প্রত্যাখ্যান করে।
তারা কেন্দ্র থেকে নির্বাচনের কাজে কর্মরতদের ব্যালটসহ নির্বাচনী সরঞ্জাম নিয়ে উপজেলা সদরে রিটার্নিং কর্মকর্তার দপ্তরে আসার সময় লাঠিসোঁটা দিয়ে হামলা চালায়।
আত্মরক্ষায় একজন বিজিবি সদস্য কেন্দ্রের একটি কক্ষে আশ্রয় নিলে ওই হামলাকারীরা তাকে পিটিয়ে হত্যা করে পালিয়ে যায় বলে স্থানীয়রা জানান।
এ সময় হামলাকারীরা পুলিশের গাড়ি ও ভোট কেন্দ্রে অগ্নিসংযোগেরও চেষ্টা চালায়। আক্রমণ থেকে রক্ষায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কয়েক রাউন্ড গুলি ছোড়ে।

