বীর মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে কথা বলা যুদ্ধাপরাধের শামিল : গয়েশ্বর রায়

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘বীর মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে কথা বলা যুদ্ধাপরাধের শামিল। যারা জিয়াউর রহমানের খেতাব ও লাশ নিয়ে টানা-হেঁচড়া করে, তারা মুক্তিযোদ্ধাদের অসম্মান করেছে।’

জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আজ শুক্রবার বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলন আয়োজিত এক আলোচনা সভায় গয়েশ্বর চন্দ্র রায় এসব কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘জিয়াউর রহমানের লাশ নিয়ে সার্টিফিকেট দেওয়ার অধিকার কারও নেই। এ কথার মাধ্যমে তারা নোংরা রাজনীতির চর্চা করছে। জিয়ার মুক্তিযুদ্ধের ইতিহাস বাংলাদেশের ক্ষেত্রে এক চিরন্তন সত্য। এসব নিয়ে নোংরা কথা বলে তারা জাতিকে বিভ্রান্ত করতে চায়।’

‘আওয়ামী লীগ ফুল স্টপ হয়ে যাবে’ উল্লেখ করে বিএনপিনেতা গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘শেখ হাসিনার অস্তিত্বে আওয়ামী লীগ টিকে আছে। কিন্তু, দিনে দিনে তারা ভীত ও দুর্বল হয়ে গেছে। তাদের পতনের সময় ঘনিয়ে এসেছে। শেখ হাসিনা না থাকলে আওয়ামী লীগের নেতাদের খুঁজে পাওয়া যাবে না। তাই দল টিকিয়ে রাখতেই শেখ হাসিনা জোর করে ক্ষমতায় থাকছেন। দেশে গণতন্ত্র ফিরিয়ে নিয়ে আনতে শেখ হাসিনার পতনের কোনো বিকল্প নেই।’

তারেক রহমানের কারামুক্তি দিবস নিয়ে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘খালেদা জিয়া ও তারেক জিয়া এখনও বন্দি। তাই তাঁদের পূর্ণ মুক্তির জন্য আন্দোলন গড়ে তুলতে হবে। দেশের গণতন্ত্র উদ্ধারে তাঁদের মুক্তির কোনো বিকল্প নেই।’

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, বাংলাদেশ নাগরিক আন্দোলনের মহাসচিব এম জাহাঙ্গীর আলম, এলডিপির মহাসচিব শাহাদাৎ হোসেন সেলিম প্রমুখ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.