নজরুলতীর্থের নজরুল স্মরণ

কাজী নজরুল ইসলামের ৪৫তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে রাজারহাট নজরুলতীর্থে গত ৪ঠা সেপ্টেম্বর হিডকো আয়োজন করেছিল ‘অন্তরে তুমি আছো চিরদিন’ শীর্ষক একটি স্মরণানুষ্ঠান, যেখানে ছায়ানট (কলকাতা)-র সভাপতি শ্রীমতী সোমঋতা মল্লিকের পরিচালনায় সংস্থার শিল্পীবৃন্দের নজরুলসঙ্গীত পরিবেশন ছাড়াও অন্যতম আকর্ষণ ছিল কোয়েস্ট ওয়ার্ল্ডের প্রকাশনায়, ছায়ানট (কলকাতা) – এর উদ্যোগে নজরুলের কনিষ্ঠ পুত্রবধূ শ্রীমতী কল্যাণী কাজীর একক কণ্ঠসমৃদ্ধ সিডি-অ্যালবাম ‘শিশু-কিশোরদের নজরুল’-এর মোড়ক উন্মোচন। শিল্পী স্বয়ং ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এন কে ডি এ-এর চেয়ারম্যান শ্রী দেবাশিস সেন, বিশিষ্ট নজরুল সঙ্গীতশিল্পী শ্রীমতী সুস্মিতা গোস্বামী, রবীন্দ্রতীর্থ এবং নজরুলতীর্থের কিউরেটর শ্রী অনুপ মতিলাল, ছায়ানট (কলকাতা)-র সভাপতি শ্রীমতী সোমঋতা মল্লিক ও কোয়েস্ট ওয়ার্ল্ডের কর্ণধার শ্রী স্বাগত গঙ্গোপাধ্যায় ।
এছাড়াও, ছায়ানট (কলকাতা)-র উদ্যোগে ‘কলকাতায় নজরুল’ শীর্ষক কাজী নজরুল ইসলামের কর্মস্থল কলকাতায় তাঁর স্মৃতিধন্য বাড়িগুলির ছবি ও তথ্যসহ পনেরোটি পোস্টকার্ডের সুদৃশ্য একটি সেটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়, প্রকাশে কোয়েস্ট ওয়ার্ল্ড। অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্বে ছিলেন শ্রীমতী সোনালী চট্টোপাধ্যায়। অনুষ্ঠান শুরু হয় সোমঋতা মল্লিকের পরিচালনায় সমবেতভাবে নজরুল সঙ্গীত পরিবেশেনের মধ্য দিয়ে, অংশগ্রহণে- সোমা রায় বর্মন, গৌরী ধর এবং সুরূপা মল্লিক। কাজী নজরুল ইসলামের লেখা কবিতা পাঠ করেন তাপস চোধুরী, ইন্দ্রানী লাহিড়ী, প্রণমি ব্যানার্জী, শ্রীপর্ণা বিশ্বাস এবং সোনালী চট্টোপাধ্যায়। অনুষ্ঠানে একক নজরুল সঙ্গীত পরিবেশেন করেন সুস্মিতা গোস্বামী, মঞ্জুষা চক্রবর্তী এবং সোমঋতা মল্লিক। অনুষ্ঠান শেষ হয় কল্যাণী কাজীর কণ্ঠে ‘জয় হোক’ গানটির মধ্য দিয়ে। ছায়ানট (কলকাতা)-র উদ্যোগে কোয়েস্ট ওয়ার্ল্ড থেকে বিশ্বব্যাপী প্রকাশ পেলো শিশু-কিশোরদের জন্য রচিত কাজী নজরুল ইসলামের ২৫টি কবিতার একটি সংগ্রহযোগ্য আবৃত্তি সংকলন — ‘শিশু-কিশোরদের নজরুল’, কণ্ঠে কাজী নজরুল ইসলামের কনিষ্ঠ পুত্রবধূ কল্যাণী কাজী, পরিকল্পনা-পরিচালনায় সোমঋতা মল্লিক ও নির্মাণ-সৃজনে স্বাগত গঙ্গোপাধ্যায়। কোয়েস্ট ওয়ার্ল্ডের প্রকাশনায় ছায়ানট (কলকাতা)-র বিশেষ শ্রদ্ধার্ঘ্য ‘কলকাতায় নজরুল’ শীর্ষক পোস্টকার্ড সেটটির তথ্য-সংগ্রহ ও পরিকল্পনায় সোমঋতা মল্লিক, আলোকচিত্রে মাসুদুর রহিম রুবাই, সৃজন ও নির্মাণে স্বাগত গঙ্গোপাধ্যায়, প্রচ্ছদাঙ্কনে শেখ মোঃ সাদিকুজ্জামান এবং সার্বিক সহযোগিতায় ‘নজরুল ইন’ ওয়েবসাইট ও ‘রেডিও নজরুল’।
সমগ্র অনুষ্ঠানটি ফেসবুক লাইভের মাধ্যমে বিশ্ব-সম্প্রচারও করা হয়। এই কোভিড অতিমারীর পরিস্থিতিতে এই সুআয়োজিত মনোজ্ঞ অনুষ্ঠান আপামর নজরুলপ্রেমীদের কাছে খানিক টাটকা বাতাসের মতো, এ কথা বলাই বাহুল্য।
শুদ্ধস্বর/বিএস

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.