গ্যালারিতে বসে বাংলাদেশকে হারতে দেখলেন সালাউদ্দিন

থ্রি নেশনস কাপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল ফিলিস্তিন। এই ম্যাচে ২-০ ব্যবধানে হারতে হয়েছে বাংলাদেশকে। কিরগিজস্তানের মাটিতে ম্যাচটি মাঠে বসে দেখেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী মো. সালাউদ্দিন।

রোববার (৫ সেপ্টেম্বর) বিশকেকের দোলন ওমরজাকোভ স্টেডিয়ামে ম্যাচের দুই অর্ধে গোল দুটি আসে।

বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় শুরু হয় এই ম্যাচ। দুটি গোলই এসেছে মাহমুদ ঈদের বাড়ানো বল থেকে।

৩৩তম মিনিটে লাইথ খারোবের গোলে এগিয়ে যায় ফিলিস্তিন। অন্যদিকে বিরতি থেকে ফিরতেই ব্যবধান দ্বিগুন করে মধ্যপ্রাচ্যের দেশটি। গোল তুলে নেন ইয়াসির হামিদ।

গেল বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) জাতীয় দলকে উৎসাহ দিতে কিরগিজস্তান উড়ে যান বাফুফে প্রধান কাজী সালাউদ্দীন। সফর সঙ্গী হিসেবে রয়েছেন ফিফা কাউন্সিল মেম্বার ও বাফুফের সদস্য মাহফুজা আক্তার কিরণ এবং ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ।

কিরগিজস্তানের রাজধানীর এই মাঠে ম্যাচজুড়েই বলের নিয়ন্ত্রণ নিজের কাছে রাখে ফিলিস্তিন।

মাহমুদ ঈদ বাংলাদেশের গোলরক্ষক শহিদুল আলম সোহেলকে বোকা বানিয়ে বল তুলে দেন লাইথ খারোবের কাছে। ভুল করেননি এই ফরোয়ার্ড। এগিয়ে দেন দলকে।

বিরতি থেকে ফিরতেই আরেকটি গোল হজম করতে হয় জেমি ডে’র শিষ্যদের। মাহমুদের ক্রসে হেডের মাধ্যমে গোল আদায় করেন ইয়াসির হামিদ।

বৃহস্পতিবার টুর্নামেন্টে উদ্বোধন হয়েছে। থ্রি নেশনস কাপের প্রথম ম্যাচে স্বাগতিক কিরগিজস্তানের কাছে ০-১ গোলে হেরেছে ফিলিস্তিন। ফলে এই ম্যাচ দিয়েই ঘুরে দাঁড়ালো দেশটি।

আগামী ১ অক্টোবরে মালদ্বীপে বসতে চলেছে সাফ চ্যাম্পিয়নশিপ। দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ খ্যাত এই টুর্নামেন্টে নামার আগে দুই শক্তিশালী প্রতিপক্ষ কিরগিজস্তান ও ফিলিস্তিনের বিপক্ষে নিজেদের পরখ করে নিতেই থ্রি নেশনস কাপে অংশ নিয়েছে সাদ উদ্দিন-তপু বর্মণরা।

এদিকে আগামী মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) নিজেদের দ্বিতীয় ম্যাচে কিরগিজ জাতীয় দলের বিপক্ষে খেলবে বাংলাদেশ দল।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.