কুড়িগ্রামে অটোরিকশা-ট্রাক্টর সংঘর্ষে নিহত ৩

কুড়িগ্রামে অটোরিকশা ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে কলেজছাত্রসহ তিনজন নিহত ও তিনজন আহত হয়েছে। রোববার সকাল ১০টার দিকে কুড়িগ্রাম ধরলা ব্রিজের উত্তর প্রান্তে কুড়ারপাড় (কল্লাকাটা) নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নাগেশ্বরী উপজেলার কাচারী পয়রাডাঙ্গা গ্রামের মাসুদুর রহমান বাবলুর ছেলে কলেজছাত্র হাবিবুল্লাহ (২২), ফুলবাড়ী উপজেলার ভাঙামোড় ইউনিয়নের ভাঙামোড় গ্রামের মৃত মুক্তিযোদ্ধা এনামুল হকের স্ত্রী রাবেয়া খাতুন (৬২) ও সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের কোমরপুর গ্রামের নজর উদ্দিনের ছেলে নুর আলী (৫৫)।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শাহরিয়ার জানান, সকাল ১০টায় নাগেশ্বরী থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী অটোরিকশা কুড়িগ্রামের দিকে আসার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়। পরে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো একজন মারা যান।

তিনি জানান, আহত তিনজনের মধ্যে গুরুতর নাগেশ্বরী উপজেলার বালাসীপাড়ার আইউব আলীর ছেলে নুর মোহাম্মদকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া সদর উপজেলার ভোগডাঙ্গা গ্রামের করিম উদ্দিনের ছেলে অটোরিকশাচালক ইমান আলী ও একই উপজেলার বেলগাছা ইউনিয়নের খলিলগঞ্জ এলাকার শহিদুল ইসলামের ছেলে অটোযাত্রী হাবিবুর রহমান কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.