৫ বিভাগে ভারী বর্ষণের আভাস

ঢাকাসহ দেশের পাঁচটি বিভাগে ভারী বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অফিস। বলা হয়েছে- রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।

মঙ্গলবার (২৪ আগস্ট) সন্ধ্যায় এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়া জানিয়েছেন, মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

এ অবস্থায় বুধবার (২৫ আগস্ট) সন্ধ্যা পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের উত্তরাঞ্চলে কোথাও কোথাও মাঝারি ধরনের থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিনের এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। ঢাকায় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে এ সময় ঘণ্টায় বাতাসের গতিবেগ থাকবে ৮-১২ কিলোমিটার।

বৃষ্টিপাতের বর্তমান প্রবণতা বৃহস্পতিবার (২৬ আগস্ট) পর্যন্ত অব্যাহত থাকবে। বর্ধিত পাঁচদিনে আবহাওয়ার উল্লেখযোগ্য কোনো পরিবর্তন নেই।

মঙ্গলবার দেশে সর্বোচ্চ বৃষ্টি হয়েছে সিলেটে ৮০ মিলিমিটার। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চাঁদপুরে ৩৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় বৃষ্টি হয়েছে ৩০ মিলিমিটার। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.