৩১ আগস্টের মধ্যেই আফগানিস্তান ছাড়বে মার্কিন সেনারা : পেন্টাগন

আফগানিস্তান থেকে মার্কিন সেনা ৩১ আগস্টের মধ্যে প্রত্যাহারের যে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল, যুক্তরাষ্ট্র সেই সময়সীমার মধ্যেই তাদের উদ্ধার অভিযান শেষ করতে চায়। নির্দিষ্ট সময়ের মধ্যেই মার্কিন সেনারা আফগানিস্তান ছেড়ে যাবে বলে জানিয়েছেন পেন্টাগনের মুখপাত্র জন কিরবি।

এই সময়সীমা আরো বাড়ানোর জন্য বিভিন্ন দেশ যে আহ্বান জানাচ্ছে, তাতে কোনো সাড়া দেয়নি যুক্তরাষ্ট্র।

পেন্টগনের মুখপাত্র জানিয়েছেন, তাদের পরিকল্পনা রয়েছে গত এপ্রিলে প্রেসিডেন্ট জো বাইডেনের আদেশ অনুযায়ী ৩১ আগস্টের মধ্যে আফগানিস্তান থেকে সব সেনা প্রত্যাহার করা। খবর বিবিসির।

এর আগে মঙ্গলবার সংবাদ সম্মেলন করে তালেবান। এ সময় তালেবানের পক্ষ থেকে জানানো হয়, কোনোভাবেই বিদেশি সেনাদের আফগানে থাকতে সময় বৃদ্ধি করা হবে না। ডেডলাইনের মধ্যেই দেশ ছাড়তে হবে বিদেশিদের।

পেন্টাগন মুখপাত্র বলেন, এই সময়সীমার কোনো পরিবর্তন হয়নি। কয়েকদিনের মধ্যে তাদের (সেনা সদস্যদের) সরিয়ে নেওয়া হবে।

বিবিসি জানিয়েছে, কাবুল বিমানবন্দরে এখন পর্যন্ত সাত হাজার মার্কিন সেনা রয়েছে।

আফগানিস্তানের সেনা রাখার সময়সীমা বৃদ্ধির আলোচনার বিষয়টি প্রত্যাখ্যান করে কিবরি বলেন, বিমান বন্দরের আশপাশের পরিবেশ সত্যিকার অর্থে হুমকিস্বরূপ।

এর আগে সংবাদ সম্মেলনে আফগান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানিয়েছেন, কোনোভাবেই বিদেশি সেনা ৩১ আগস্টের পর আফগানিস্তান থাকতে পারবে না। ডেডলাইনের মধ্যেই আফগানিস্তান ত্যাগ করতে হবে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.