সরকার পতনের এক দফার আন্দোলনে যেতে হবে বিএনপিকে : গয়েশ্বর

বিএনপিকে সরকার পতনের এক দফার আন্দোলনে যেতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

তিনি বলেন, একটাই কথা রাখি, শেখ হাসিনাকে (প্রধানমন্ত্রী) পদত্যাগ করতে আমরা বাধ্য করব। এক দফার আন্দোলনেই সুরাহা হবে। জনগণের আন্দোলন কখনোই বৃথা যায় না। আমাদের আন্দোলন জনগণের আন্দোলন।

সোমবার জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমাদের আন্দোলন তারেক রহমানকে প্রধানমন্ত্রী, খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী বানানোর আন্দোলন নয়। আমাদের আন্দোলন জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করা, রাষ্ট্রের গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনা, আইনের শাসন প্রতিষ্ঠা এবং বিচার বিভাগের স্বাধীনতা প্রতিষ্ঠা করা।

হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের প্রতি প্রশ্ন রেখে তিনি বলেন, হাইকোর্ট ও সুপ্রিম কোর্ট ব্যাখ্যা দিতে পারবেন, কোন আইনে খালেদা জিয়াকে মুক্তি দেননি ? কোন আইনের বলে? স্বাধীনতার উত্তরকালে ফাঁসির আসামির জামিন হয়েছে। যাবজ্জীবন সাজার আসামির তো প্রায়ই হয়। যেনতেন আসামিরও জামিন হয়, খালেদা জিয়ার জামিন হয় না কেন? বিচারপতিদের কাছে প্রশ্ন রেখে তিনি আরও বলেন, আপনারা বিভিন্ন সভা সমাবেশে বক্তব্য রাখেন, আপনারা একটু ব্যাখ্যা করবেন খালেদা জিয়াকে কোন আইনের বলে জামিন দেন নাই? এটা জনগণ জানতে চায়?

সরকার নানাভাবে ফাঁদে ফেলে ২০১৮ সালের মতো বিএনপিকে আবারও নির্বাচনের মাঠে নামানোর চেষ্টা করবে বলে মন্তব্য করেন গয়েশ্বর চন্দ্র রায়।

স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভুঁইয়া জুয়েলের পরিচালনায় আরও বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপি নেতা ফজলুল হক মিলন, মীর সরাফত আলী সপু, সংগঠনের গোলাম সরোয়ার, সাইফুল ইসলাম, ইয়াসিন আলী, ফকরুল ইসলাম রবিন, ছাত্রদলের ফজলুর রহমান খোকন প্রমুখ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.