সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউনিয়ন পরিষদে জাতীয় শোক দিবস উপলক্ষে পুরো ইউনিয়ন পরিষদ কার্যালয় বিভিন্ন রঙ্গিন আলোয় আলোকসজ্জা ও উচ্চ শব্দে গান বাজানোর অভিযোগ উঠেছে চেয়ারম্যান আব্দুল কুদ্দুসের বিরুদ্ধে।
শনিবার (১৪ আগস্ট) রাতে এ ঘটনা ঘটে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসে এমন বর্ণিল আয়োজনে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।
দেশীগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জ্ঞানেন্দনাথ বসাক জানান, দেশীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কুদ্দুস শোক দিবসে তার সম্পূর্ণ কার্যালয় বিভিন্ন রঙ্গিন আলোয় বর্ণিল আলোকসজ্জা করেন ও উচ্চ শব্দে মাইকে গান বাজান। জাতির পিতার শাহাদাৎ বার্ষিকীতে যা মোটেও কাম্য নয়।
এ ব্যাপারে মুঠোফোনে দেশীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কুদ্দুসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তা সম্ভব হয়নি।
তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাউল করিম জানান, শোক দিবসের কোন অনুষ্ঠানে আলোকসজ্জা বা বর্ণিল কোন আয়োজন করার কথা না। কেন দেশীগ্রাম ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এমন কাজ করা হলো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

