২০০২ সালে সাতক্ষীরায় তৎকালীন বিরোধীদলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলার ঘটনায় নেতৃত্ব দিয়েছিলেন কলারোয়া থানা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুর রহমান রঞ্জু। ঘটনার পর থেকে পলাতক ছিলেন তিনি।
আজ শনিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিবির প্রধান এ কে এম হাফিজ আক্তার।
এর আগে গতকাল শুত্রবার রাতে রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ডিবির প্রধান এ কে এম হাফিজ আক্তার জানান, রঞ্জু ২০০২ সালে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি। ওই বছরের ৩০ আগস্ট সাতক্ষীরা জেলায় একটি অনুষ্ঠান শেষে ঢাকায় ফেরার পথে কলারোয়া থানা এলাকায় প্রধানমন্ত্রীর গাড়ি বহরে হামলা হয়। রঞ্জু সে সময় ছাত্রদলের নেতা ছিলেন। তার নেতৃত্বেই তখনকার বিরোধীদলের নেত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলা চালানো হয়।
এ ঘটনায় দায়ের করা মামলার তদন্ত শেষে এর সঙ্গে জড়িত ৫০ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। ২০২১ সালের ৩ ফেব্রুয়ারি আদালত এ মামলার রায় ঘোষণা করেন।
হাফিজ আক্তার আরও জানান, ঘটনার পর থেকেই আসামি রঞ্জু পলাতক ছিলেন। রঞ্জুর বাবা লুৎফর রহমান ও দাদা মাহবুবুর রহমান স্বাধীনতা যুদ্ধে মুসলিম লীগের রাজনীতির সঙ্গে জড়িত থেকে দেশের স্বাধীনতার বিরোধীতা করেন।
প্রসঙ্গত, সাতক্ষীরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চলতি বছরের গত ৪ ফেব্রুয়ারি এ মামলায় বিএনপির সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবসহ তিনজনের সর্বোচ্চ ১০ বছর করে এবং বাকি ৪৭ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়ে রায় দেন।

