রাজধানীর ফার্মগেট ও যাত্রাবাড়ীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে।
শুক্রবার রাতে এ দুটি ঘটনা ঘটে। নিহতদের একজন তরুণ ক্রিকেটার।
তেজগাঁও থানার ওসি সালাহউদ্দিন মিয়া বলেন, রাতে বাসের ধাক্কায় গুরুতর আহত হন মোটর সাইকেল আরোহী শহীদুল ইসলাম নীরব (৩২) ও আফজাল হোসেন (৩০)। তাদের উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসক নীরবকে মৃত ঘোষণা করেন।
পুলিশ ‘এয়ারপোর্ট বঙ্গবন্ধু পরিবহন লিমিটেডের’ বাসটি আটক করেছে। তবে চালক পালিয়ে গেছে।
ওসি জানান, নীরব ক্রিকেটার ছিলেন। তার বাড়ি কেরানীগঞ্জের আটিবাজার এলাকায়।
দুর্ঘটনায় নীরবের বন্ধু আফজালের পা ভেঙ্গে গেছে। তাকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে ভর্তি করা হয়েছে।
এদিকে শুক্রবার রাতে যাত্রাবাড়ীর মাতুয়াইল মা ও শিশু হাসপাতালের সামনে রাস্তা পার হওয়ার সময় গাড়ির ধাক্কায় শেফালী বেগম (৫০) নামের এক নারী নিহত হয়েছেন।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে চিকিৎসক ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
যাত্রাবাড়ী থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, একটি পেট্রল পাম্পে রান্নার কাজ করতেন শেফালী। তার গ্রামের বাড়ি দিনাজপুরে।

