রাজধানীর মগবাজার রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত (৩২) এক যুবকের মৃত্যু হয়েছে। তার নাম-পরিচয় জানার চেষ্টা করছে রেলওয়ে থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৬ আগস্ট) রাত সোয়া ১০ টার দিকে মগবাজার রেলক্রসিং এলাকায় রেললাইনে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যায় ওই যুবক।
ঢাকা রেলওয়ে থানা (কমলাপুর) এসআই মো. শাহজাহান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কমলাপুর থেকে ছেড়ে যাওয়া একটি ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে এক যুবক মারা যায়। তার নাম ঠিকানা জানার চেষ্টা করা হচ্ছে।
মৃত ব্যক্তির পরনে ছিল নীল রঙের হাফহাতা গেঞ্জি ও ছাই রঙের ফুল প্যান্ট। খণ্ডিত মরদেহ পুলিশ হেফাজতে আছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হবে।

