প্রথম ডোজ দিয়েছিলেন কোভিশিল্ড, এবার তাকে দেওয়া হলো সিনোফার্ম

হবিগঞ্জের আজমিরীগঞ্জে নৌ-পুলিশের এক উপ-পরিদর্শককে (এসআই) করোনাভাইরাস টিকার প্রথম ডোজ অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড দেওয়া হলেও দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে সিনোফার্মের ভেরোসেল।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই ঘটনা ঘটে।

ওই নৌ পুলিশ উপ-পরিদর্শকের নাম বিদ্যুৎ দাশ। তিনি আজমিরীগঞ্জের কাকাইলছেও নৌ ফাঁড়ির ইনচার্জ হিসেবে কর্মরত রয়েছেন।

এসআই বিদ্যুৎ দাশ জানান, গত ১১ এপ্রিল তিনি আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড প্রথম ডোজ নেন। পরে মজুদ শেষ হয়ে যাওয়ায় দ্বিতীয় ডোজ দেওয়া বন্ধ হয়ে যায়। চার মাস পর শুক্রবার তার মুঠোফোনে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেওয়ার ক্ষুদে বার্তা যায়।

এরই পরিপ্রেক্ষিতে শনিবার সকালে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকার দ্বিতীয় ডোজ নিতে যান বিদ্যুৎ দাশ।

এসময় স্বাস্থ্যকর্মী জোৎস্না বিশ্বাস তাকে সিনোফার্মের ভেরোসেল প্রয়োগ করেন। পরে বিদ্যুৎ দাশ তার টিকা কার্ড নিয়ে দেখেন, তাকে সিনোফার্মের ভেরোসেল দেওয়া হয়েছে।

বিদ্যুৎ দাশ বলেন, ‘টিকা নেওয়ার সময় নার্স জোৎস্না বিশ্বাসকে আমি বলেছি প্রথম ডোজে অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড নিয়েছি। আমাকে যেন দ্বিতীয় ডোজ অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড দেওয়া হয়।

এমনকি আমি প্রথম ডোজ নেওয়ার কার্ডও তাকে দিয়েছি। কিন্তু পরে কার্ড হাতে নিয়ে দেখি তিনি আমাকে সিনোফার্মের ডোজ দিয়েছেন। সাথে সাথে বিষয়টি আমি কর্তব্যরত চিকিৎসককে জানিয়েছি। উনি বলেছেন পার্শ্বপ্রতিক্রিয়া হলে যোগাযোগ করার জন্য। ’

বিষয়টি নিশ্চিত করে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মনির হোসেন বলেন, বিষয়টি আমাকে জানানো হয়েছে।

আমি সিভিল সার্জন অফিসে বিষয়টি অবগত করেছি। সিভিল সার্জন অফিস থেকে বলা হয়েছে উনাকে পর্যবেক্ষণে রাখার জন্য। কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিলে তাকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানোর জন্যও বলা হয়েছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.