ময়মনসিংহের ত্রিশালে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় নিহত বেড়ে ছয়জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও ১২ জন।
নিহত ছয়জনের মধ্যে তিনজনের পরিচয় মিলেছে।
তারা হলেন- জেলার ত্রিশাল উপজেলার বানিয়াধলা গ্রামের মৃত হাসমত আলীর ছেলে শহিদুল ইসলাম (৪৫), হালুয়াঘাট উপজেলার মৃত শাহেদ আলীর রিফাত মিয়া (২৮) ও সদর উপজেলার ঘাগড়া ইউনিয়নের পারাইল গ্রামের কামাল উদ্দিন (৪০)।
শনিবার (১৪ আগস্ট) রাত ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বৈলর বড়দিঘীরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন।
তিনি বলেন, ঘটনাস্থলে তিনজন ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর আরও দুজন মারা গেছেন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে। হাসপাতালে আরও ১২ জন চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় রাতেই থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গাড়ি দুটি জব্দ করা হয়েছে বলেও জানান তিনি।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ত্রিশালের বৈলর বড়দিঘীরপাড় এলাকায় একটি ট্রাক দাঁড়ানো ছিল। ঢাকা থেকে হালুয়াঘাটগামী ইমাম পরিবহনের একটি যাত্রীবাহী বাস ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তিন ব্যক্তি নিহত হন। আহত হন অন্তত ১৫ জন। পরে আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে আরও তিনজন মারা যান।
এ বিষয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বলেন, আহত ১৫ জনকে হাসপাতালে আনার পর আরও দুজন মারা গেছেন। পরে রাত ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা গেছেন। হাসপাতালে এখনো আরও ১২ জন চিকিৎসাধীন আছেন।

