তালেবানদের সাথে কাজ করার ঘোষণা ব্রিটেনের, কাবুল-প্রশ্নে আরও নিঃসঙ্গ দিল্লি

আফগানিস্তানের সমস্যা কূটনৈতিক ভাবেই মেটানোর চেষ্টা করা হবে। প্রয়োজনে তালিবানের সঙ্গে কাজ করতেও রাজি সরকার, শুক্রবার মন্ত্রিসভার বৈঠকের পরই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এ কথাই বললেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। আফগানিস্তানে তালিবান কর্তৃত্বকে আগেই প্রচ্ছন্ন সমর্থন দিয়ে রেখেছে রাশিয়া এবং চিন। সমর্থন করেছে পাকিস্তান। রবিবারই পাকিস্তানের বিদেশ মন্ত্রী শাহ মেহমুদ কুরেশি কাবুল পৌঁছেছেন। আন্তর্জাতিক রাজনীতির কারবারিদের মতে, পাকিস্তানের সঙ্গ তো বরাবরই পেয়ে এসেছে তালিবান। পাকিস্তান যদি শক্তি-সহচর না হত, তা হলে তালিবানের পক্ষে এত দ্রুত অগ্রসর হওয়া সম্ভব হত কি না, তা নিয়ে তো প্রশ্ন রয়েছেই। সেই জায়গায় দাঁড়িয়ে ব্রিটেনও তালিবান-প্রশ্নে সুর ‘নরম’ করায় নয়াদিল্লি আরও কিছুটা নিঃসঙ্গ হল বলেই মনে করছেন ভূ-রাজনীতির বিশেষজ্ঞরা।

ভারত, জার্মানি, তাজিকিস্তান-সহ বেশ কয়েকটি দেশ নিয়ে তৈরি কাতার জোটের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল, সামরিক শক্তি খাটিয়ে কাবুল দখল করা হলে আফগানিস্তানের সরকারে তালিবানকে মান্যতা দেওয়া হবে না। ঠিক তার উল্টো অবস্থান নিয়ে তালিবান-প্রশ্নে মাথা না-ঘামানোর বার্তাই দিয়েছে চিন। রুশ প্রেসি়ডেন্ট ভ্লাদিমির পুতিনও সম্প্রতি বলেন, ‘‘তালিবান আফগানিস্তান দখল করে নিয়েছে। এই পরিস্থিতিতে নিজেদের মতামত আফগানিস্তানের উপর চাপিয়ে দেওয়া উচিত নয়।’’ মোদ্দাকথা, ‘সন্ত্রাস’ আফগানিস্তানের বাইরে না-গড়ালে রাশিয়াও তালিবান নিয়ে বিশেষ মাথা ঘামাবে না। সুত্র, আনন্দবাজার পত্রিকা ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.