বিপ্লবী বাংলাদেশ:
জনাব চেয়ারম্যান ও ট্রাইব্যুনালের সদস্যবৃন্দ, আমি এখানে গর্বের সাথে উল্লেখ করতে চাই একজনের কথা। ভারতীয় সৈন্যদের লুট পাটের বাধা দেওয়ার স্পর্ধা দেখিয়েছিলেন এই কমান্ডিং অফিসার। তিনি মেজর এম. এ. জলিল; ৯ নম্বর সেক্টরের অধিনায়ক। তিনিও এই মামলায় একজন সহ-অভিযুক্ত। মেজর এম. এ. জলিলকে এর জন্য যথেষ্ট খেসারত দিতে হয়েছিল। দেশপ্রেমিকের দায়িত্ব পালন করতে যেয়ে তাঁকে দীর্ঘদিন কারা প্রাচীরের অন্ত রালে কাটাতে হয়। তার বিরুদ্ধে আনিত অভিযোগ থেকে অব্যাহতি পাবার পর মেজর জলিল আরেকটি ঐতিহাসিক দায়িত্ব পালন করেন। তরুণ বিপ্লবীদের প্রতিনিধি আ.স.ম. আব্দুর রব (যিনি এ মামলায় একজন সহ-অভিযুক্ত)-এর সহযোগিতায় মেজর জলিল বাংলাদেশের প্রথম বিরোধী দল জাসদ গঠন করেন। (এখানে উল্লেখযোগ্য আ. স. ম. আব্দুর রব সেই ব্যক্তি যিনি প্রথম ঐতিহাসিক বটতলা সমাবেশে ৭১-এর ২রা মে তারিখে আমাদের জাতীয় পতাকা উত্তোলন করেন।)
আমি অত্যন্ত আনন্দের সাথে উল্লেখ করছি, মেজর জলিলকে যে ট্রাইব্যুনালের বিচার করে অব্যহতি দেয়া হয়েছিল আমি ছিলাম সেই ট্রাইব্যুনালের চেয়ারম্যান। এ মামলায় অভিযুক্ত আমার ভাইদের সম্পর্কে আমি এখন দু-একটি কথা বলতে চাই। মনে হয় ইচ্ছা করে আমাদের পুরো পরিবারটাকে ধ্বংস করে দেয়ার ষড়যন্ত্র চলছে। স্বাধীনতা যুদ্ধ চলাকালে আমার বড় ভাই ফ্লাইট সার্জেন্ট আবু ইউসুফ খান সৌদি আরবে; সৌদি বিমান বাহিনীতে ডেপুটেশনে ছিলেন। যুদ্ধে বাধলে পালিয়ে এসে তিনি আমাদের সেক্টরে যোগ দেন। এখন শুনতে যে রকম লাগুক না কেন এটাতো ঠিক যে ঐ ঘাঁটিতে তখন আরো অনেক বাঙালি অফিসার ছিলেন, তারা কেউই পালিয়ে এসে যুদ্ধে যোগ দেননি। বরং এরা পশ্চিম পাকিস্তানে ফিরে যান ও পরে ১৯৭৩ সালে বাংলাদেশে ফিরে আসেন। জামালপুরের যুদ্ধে অসাধারণ কৃতিত্বের জন্য তাকে ‘বীর বিক্রম’ পদকে ভূষিত করা হয়। তিনিই প্রথম পাকিস্তানি কমান্ড হেডকোয়ার্টারে পৌঁছান ও জেনারেল নিয়াজীর আত্ব-সমর্পণ সম্পূর্ণ প্রত্যক্ষ করেন। তিনি জেনারেল নিয়াজীর গাড়ির পতাকার গর্বিত মালিক। আমার বিশ্বাস পৃথিবীতে এমন ভালো লোকের সংখ্যা খুব কম। আমার ভাই আনোয়ারও এই মামলায় অভিযুক্ত। সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রভাষক। যুদ্ধের সময় সে আমার সেক্টরের একজন স্টাফ অফিসার ছিল। সে এমন লোক একজন মুক্তিযোদ্ধা কিংবা কোনো শরণার্থীর প্রয়োজন হতে পারে এই ভেবে সে নিজে দ্বিতীয় কোনো শার্ট পর্যন্ত ব্যবহার করত না। আমার ভাই বাহারের কথাও উল্লেখ করতে হয়। এই সরকারের বিশ্বাসঘাতকতার জন্যই কিছুদিন আগে আরো ৩ জন বীর যুবকের সাথে তাঁকে আমরা হারিয়েছি। সে যুদ্ধ চালাকালে প্রায় ২০০ মুক্তিযোদ্ধার একটি কোম্পানি পরিচালনা করত। নভেম্বরের মধ্যেই সে নেত্রকোনা মহকুমার বেশির ভাগ এলাকা মুক্ত করেছিল। অসাধারণ বীরত্বের জন্য তাকে দু-দুবার ‘বীর প্রতীক’ পদকে ভূষিত করা হয়। সেও এদেশের এই জাতীয় বীর। আমার সর্বকণিষ্ঠ ভাই বেলাল। সেও এই সরকারের ঘৃণ্য চক্রান্তের হাত থেকে রক্ষা পায়নি। তাঁকে এই মামলায় অভিযুক্ত করা হয়েছে। তাঁকেও দুবার ‘বীর প্রতীক’ পদকে ভূষিত করা হয়েছিল। আমার ছয় ভাই ও দুই বোন স্বাধীনতা যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছিলাম। যুদ্ধে অবদানের জন্য আমাকে ‘বীর উত্তম’ পদক দেয়া হয়। আমাদের মধ্যে ৪ জনকে তাদের অবদানের স্বীকৃতি হিসেবে সামরিক সম্মানে ভূষিত করা হয়েছিল। এসবই ইতিহাসের অংশ। স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণের জন্য আমাদের গ্রাম লুণ্ঠিত হয়। আমার বাবাকে ধরে নিয়ে যাওয়া হয় ও তাঁর ওপর অত্যাচার করা হয়। আমি এখানে পাকিস্তানি সেনাবাহিনীর ব্রিগেডিয়ার কাদেরের কাছে আমার কৃতজ্ঞতা জানাতে চাই। তাঁর হস্তক্ষেপে আমার বাবা ছাড়া পেয়েছিলেন।
(পাঠকের কৌতূহল মেটানোর উদ্দেশ্যে মুক্তিযুদ্ধে প্রত্যক্ষভাবে অংশ নিয়েছিলেন কর্নেল তাহেরের যে কজন ভাই-বোন তাঁদের নাম দেয়া হলো। জ্যৈষ্ঠতার নিধক্রম অনুসারে এঁরা হচ্ছেন – আবু ইউসুফ খান, আবু সাইদ আহমেদ, ড. আনোয়ার হোসেন, শাখাওয়াত হোসেন বাহার, ওয়ারেসাত হোসেন বেলাল, ডালিয়া আহমেদ ও জুলিয়া আহমেদ)
শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ও ভারতীয় সেনবাহিনীর বাংলাদেশ ত্যাগের পর সবাই আশা করেছিল যে জাতীয় পুনর্গঠনের কাজকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হবে, শুরু হবে একটা সুষ্ঠু ও ন্যায়নিষ্ঠ সমাজ-ব্যবস্থা গড়ে তোলার কাজ। আমাদের আশা ছিল একটা সমৃদ্ধ স্বনির্ভর বাংলাদেশের, যে দেশে দুর্নীতি ও মানুষে-মানুষে শোষণের কোন সুযোগ থাকবে না। যে দেশে সাধারণ মানুষের সাথে দেশরক্ষা বাহিনীর সদস্যদের সম্পর্ক হবে আন্তরিক। এই সেনাবাহিনী হবে আমাদের উৎপাদন প্রক্রিয়ার অবিচ্ছেদ্য অংশ। এই আশা এই স্বপ্ন নিয়েই আমাদের জাতি বারবার এত কঠোর সংগ্রামে নেমেছে। এই আশায় বারবার উচ্চারিত হয়েছে আমাদের আদর্শ ও মূল্যবোধ। কিন্তু তা হয়ে ওঠেনি। কেউ বুঝে ওঠার আগেই অধঃপতনের ধারা শুরু হয়ে যায়।
১৯৭২-এর এপ্রিলে পা অস্তোপাচারের পর অন্যান্য আনুসঙ্গিক চিকিৎসা শেষে আমি দেশে ফিরে আসি। স্বদেশে ফিরেই আমি বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল পদে যোগ দেই। আমি সেনাবাহিনীতে শৃঙ্খলা ফিরিয়ে আনি, তখন এই কাজ ছিল দুঃসাধ্য। এই ট্রাইবুনালের চেয়ারম্যান নিজেই জানেন কিভাবে আমি অবৈধ কাজ-কর্মের দায়ে ব্রিগেডিয়ার মীর শওকত ও মেজর জেনারেল শফিউল্লাহর মতো আরো কিছু উচ্চপদস্থ অফিসারের বিরুদ্ধে শৃঙ্খলামূলক ব্যবস্থা নেয়ার উদ্যোগ নেই। অভিযোগ পাওয়া যাচ্ছিল এরা অবৈধভাবে টাকা-পয়সা ও সম্পদ কুক্ষিগত করেছেন। পরিস্থিতি তখন ছিল খুবই নাজুক। আমার বিশ্বাস ছিল অফিসারদের অবৈধ উপায়ে অর্জিত যে কোন সম্পত্তি ফেরত দিতে হবে। কেবল তখনই তারা বুক ফুলিয়ে সাহসের সাথে খাঁটি সৈনিকের মতো দেশের মুক্তিযোদ্ধাদের সামনে এসে দাঁড়াতে পারবে। আমি কখনোই এই নীতির প্রশ্নে আপোষ করিনি।
কয়েক মাসের মধ্যেই আমাকে কুমিল্লায় অবস্থিত ৪৪তম ব্রিগেডের নতুন অধিনায়ক নিয়োগ করা হয়। কুমিল্লা ব্রিগেডের দায়িত্ব গ্রহণ করার পর পরই আমার অধিনস্থ অফিসারদের নির্দেশ দেই মুক্তিযুদ্ধের আগে বা পরে অবৈধ উপায়ে যা কিছু অর্জিত হয়েছে তার সব ফিরিয়ে দিতে হবে।
এরা আমার নির্দেশ পালন করেছিলেন। আমার হাতে ছিল একদল অফিসার যাদের ছিল একটা স্বচ্ছ ও পরিপূর্ণ নীতিবোধ। এটাকেই আমি নেতৃত্বের স্বরূপ মনে করেছি। আমি সব সময় মানুষের ভালো দিকটা জাগিয়ে তুলতে চেয়েছি, কোনো মানুষের দুর্বলতার সুযোগ নেয়াকে আমি ঘৃণা করতাম ও এড়িয়ে চলতাম। স্বাধীনতা যুদ্ধের এবং ঢাকা ও কুমিল্লা সেনানিবাসে অর্জিত অভিজ্ঞতা আমাকে উৎপাদন-বিমুখ স্থায়ী সেনাবাহিনীকে একটা বিপ্লবী গণবাহিনীতে পরিণত করতে উদ্বুদ্ধ করে।
আমার সৈনিক জীবনে লক্ষ্য করেছি, উন্নয়নশীল ও অনুন্নত দেশে একটা স্থায়ী সেনাবাহিনী জাতীয় অর্থনীতির ওপর একটা বোঝা স্বরূপ। এ ধরনের সেনাবাহিনী সমাজ প্রগতির পক্ষে একটা বিরাট বাধা। জাতীয় উৎপাদনে এদের কোন অবদানই থাকে না। স্বাধীনতা সংগ্রামের সময় আমাদের মুক্তিযোদ্ধাদের মধ্যে যে নিষ্ঠা, আনুগত্য ও ত্যাগের মনোভাব লক্ষ্য করেছিলাম, তাতে স্বাধীনতা উত্তরকালে একটা উৎপাদনমুখী বিপ্লবী গণবাহিনী/আর.পি.এ. গঠন করা অসম্ভব বলে আমার মনে হয় নি। আর এতে আমি সব চেয়ে বেশি উদ্বুদ্ধ হয়েছি। সামরিক বাহিনীর অনেকেরই এটা জানার কথা যে আমি কুমিল্লা ব্রিগেডকে একটা ‘গণবাহিনী’র মতো করে গড়ে তুলতে চেষ্টা করেছিলাম। মুক্তিসংগ্রামে অংশগ্রহণকারী সেনাদের নিয়ে একটা শক্তিশালী সেনাবাহিনী গঠন করতে আমি সব সময় চেষ্টা করেছি। আমার সামরিক সংগঠন প্রক্রিয়ার মূল নীতি ছিল ‘উৎপাদনমুখী সেনাবাহিনী’। এই আদর্শে উদ্বুদ্ধ হয়ে আমাদের অফিসার ও সৈনিকরা কাঁধে কাঁধ মিলিয়ে শ্রমিক-কৃষকের সাথে উৎপাদনে অংশ নেয়। আমরা নিজেরা জমিতে হাল ধরেছি, নিজেদের খাবার উৎপাদন করে নিয়েছি। উৎপাদন প্রক্রিয়ায় অংশ নিতে গ্রামের মানুষের বাড়ি গিয়েছি। এটাই ছিল স্বনির্ভর হওয়ার একমাত্র পথ। আমি যথেষ্ট আনন্দের সাথে স্মরণ করছি কুমিল্লা ব্রিগেডের অফিসারদের কথা, তারা আমার উদ্দেশ্য বুঝতে পেরেছিলেন ভালোভাবেই। এঁরা আমাদের ইউনিটকে কিছু দিনের মধ্যেই একটা উৎপানমুখী শক্তিতে পরিণত করেন।
কিন্তু বিরোধ দেখা দিলো অল্প দিনের মধ্যেই। মুজিব সরকার সেনাবাহিনী গঠনের ব্যাপারটা উপেক্ষা করে কুখ্যাত আধা-সামরিকশক্তি ‘রক্ষীবাহিনী’ গড়ে তোলায় মন দেয়। ভারতীয় উপদেষ্টা ও অফিসারেরা এই রক্ষীবাহিনী গঠনে সরাসরি জড়িত ছিল। আমি সংস্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এ ব্যাপারে আমার পূর্ণ বিরোধিতার কথা জানালাম। যুদ্ধের সময় ভারতের সাথে স্বাক্ষরিত গোপন চুক্তির ব্যাপারেও আমি তৎকালীন প্রধানমন্ত্রীর কাছে প্রতিবাদ জানাই। সেনা সদর দপ্তরে খুঁজলেই আমার প্রতিবাদের দলিল পাওয়া যাবে। এই ২ কারণে আর তাছাড়া বর্তমান প্রচলিত উপনিবেশিক কাঠামোর সেনাবাহিনী থেকে সম্পূর্ণভাবে সরে আসার ব্যাপারে আমার ঐকান্তি ক ইচ্ছার কারণে সরকারের সাথে আমার মতবিরোধ সৃষ্টি হয়।
কিছুদিনের মধ্যেই লেঃ কর্নেল জিয়াউদ্দিনের সাথেও সরকারের মতবিরোধ দেখা দেয়। এর পরিপ্রেক্ষিতে সেনাবাহিনী থেকে সরে আসাটাই প্রয়োজনীয় হয়ে দাঁড়ালো। ৭২-এর নভেম্বরে লেঃ কর্নেল জিয়াউদ্দিন ও আমি সেনাবাহিনী থেকে সরে আসলাম। আমরা দু’জন নিজেদের পথে এগিয়ে গেলাম, পছন্দমত রাজনীতি বেছে নিলাম। যখনই সম্ভব হত আমরা পরস্পরের খোঁজ-খবর নিতাম আর ঘটনাপ্রবাহ সম্পর্কে একে অন্যকে অবহিত করতাম।
(৬ষ্ঠ পর্বে লিপিবদ্ধ)
রণি চৌধুরীর ওয়াল থেকে নেয়া

