মাদারীপুর-কক্সবাজার-সুনামগঞ্জে নতুন ৩ উপজেলা

তিনটি থানাকে উপজেলায় উন্নীত করেছে সরকার। এগুলো হলো- মাদারীপুরের ডাসার, কক্সবাজারে ঈদগাঁও ও সুনামগঞ্জের মধ্যনগর।

আর দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার নাম পরিবর্তন করে রাখা হয়েছে শান্তিগঞ্জ।

সোমবার (২৬ জুলাই) প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ভার্চ্যুয়াল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন।

বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, তিনটিই প্রত্যন্ত এলাকা। বিশেষ কনসিডারেশনে এগুলোকে উপজেলায় উন্নীত করা হয়েছে।

তিনি বলেন, কক্সবাজারের ঈদগাঁও থানা সদর থেকে ৪০ কিলোমিটার দূরে। সরকার মনে করে ওখানে একটা বড় রিসোর্স গেইন করার সম্ভাবনা আছে। সেখানে একটা ইউনিট দরকার। এলাকার লোকজনেরও খুবই অসুবিধা হয়। এজন্য সরকার অনুমোদন করে দিয়েছে।

সুনামগঞ্জ উপজেলার ধর্মপাশা উপজেলার মধ্যনগর থানাকে উপজেলায় উন্নীত নিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, এটাও ধর্মপাশা থেকে ২৫-২৬ কিলোমিটার দূরে, হাওরের মধ্যে অবস্থিত।

মাদারীপুরের কালকিনি উপজেলার ডাসার থানাকে উপজেলায় উন্নীত করা হয়েছে। এটাও রিমুট এলাকা এবং এখনও দুর্গম।

৪৯৫টি উপজেলা হয়ে যাচ্ছে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, নিকারের সভায় সিদ্ধান্ত হয়েছে এরপর আর শর্তপূরণ না হলে উপজেলা করা হবে না।

এলাকার লোকজনের দাবির পরিপ্রেক্ষিতে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার নাম পরিবর্তন করে শান্তিগঞ্জ রাখা হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।

সভায় ঢাকা জেলার দোহার পৌরসভার দুর্গম এলাকাকে বাদ কাছাকাছি ইউনিয়ন পরিষদ দিয়ে এবং কিছু নতুন এলাকা যেখানে শহরের সুবিধা আছে সেগুলো সংযুক্ত করা হয়েছে। এর আকার এখন গোলাকৃতি হয়েছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.