কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ

কোরবানির পশুর কাঁচা চামড়ার মূল্য নির্ধারণ করে দিয়েছে সরকার। গতবারের তুলনায় এবার সব ক্ষেত্রেই চামড়ার দাম বাড়ানো হয়েছে।

ঢাকায় লবণযুক্ত গরুর চামড়া প্রতি বর্গফুটের দাম ৪০ থেকে ৪৫ টাকা। গত বছর যা ছিল ৩৫ থেকে ৪০ টাকা। ঢাকার বাইরে প্রতি বর্গফুট ৩৩ থেকে ৩৭ টাকা নির্ধারণ করা হয়েছে, গত বছর যা ছিল ২৮ থেকে ৩২ টাকা।

এ ছাড়া সারা দেশে খাসির চামড়া প্রতি বর্গফুট ১৫ থেকে ১৭ টাকা, গত বছর যা ছিল ১৩ থেকে ১৫ টাকা।

এর পাশাপাশি প্রতি বর্গফুট বকরির চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে ১২ থেকে ১৪ টাকা, গত বছর যা ছিল ১০ থেকে ১২ টাকা।

এক ভার্চুয়াল বৈঠকে আজ বৃহস্পতিবার কোরবানির পশুর চামড়ার মূল্য ঘোষণা করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। সভায় শিল্প সচিব জাকিয়া সুলতানা, বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের (বিটিএ) সভাপতি শাহীন আহমেদসহ ব্যবসায়ী প্রতিনিধিরা বক্তব্য দেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘সব পক্ষকে সঙ্গে নিয়ে আলোচনার মাধ্যমে চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে। আমরা ওয়েট-ব্লু চামড়া রপ্তানির অনুমতি দিয়েছি। যেহেতু দেশে দাম পাওয়া যাচ্ছে না, তাই রপ্তানির অনুমতি দিয়েছি। এটা স্থায়ী হোক, সেটা আমি চাই না।’

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.