রাজশাহীতে আজ থেকে শপিংমল-দোকানপাট বন্ধ

বৈশ্বিক মহামারি করোনার সংক্রমণ প্রতিরোধে রাজশাহী জেলায় বৃহস্পতিবার (৩ জুন) থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সন্ধ্যা ৭টা থেকে সকাল ৮টা পর্যন্ত সকল প্রকার ব্যবসাপ্রতিষ্ঠান, শপিংমল-দোকানপাট ও বিপণি-বিতান বন্ধ থাকবে।

এর আগে বুধবার (২ জুন) বিকেলে ১০টি শর্ত যুক্ত করে প্রজ্ঞাপন জারি করে রাজশাহী জেলা প্রশাসন। বিকেলে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান জেলা প্রশাসক আব্দুল জলিল।

এছাড়াও সকল ধরনের সামাজিক অনুষ্ঠান ও গণজমায়েত নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তবে আমসহ জরুরি পণ্য পরিবহণ বিধিনিষেধের আওতামুক্ত থাকবে বলে জানিয়েছেন রাজশাহী জেলা প্রশাসক।

তিনি বলেন, বৃহস্পতিবার (৩ জুন) থেকে সন্ধ্যা ৭টা থেকে সকাল ৮টা পর্যন্ত সব ধরণের দোকান-পাট ও বিপণী বিতান বন্ধ, সন্ধ্যা ৭টার পর জরুরী প্রয়োজন ছাড়া লোকজনের চলাচলে নিষেধাজ্ঞা, সকল সভা-সমাবেশ নিষিদ্ধ ও সকল বিনোদন কেন্দ্র বন্ধ। তবে জরুরি সেবা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি আম ও অন্যান্য কাঁচা মাল পরিবহন এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। এছাড়াও সরকারি নির্দেশনা অনুযায়ী গণপরিবহন চলবে।

তিনি আরও বলেন, হাসপাতাল, ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারসহ জরুরি পরিষেবা এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে। আম ব্যবসা ও পরিবহনসহ সব ধরনের কৃষি পণ্য নিষেধাজ্ঞার বাইরে থাকবে। আন্ত:জেলা বাস ও দূরপাল্লার বাসসহ গণপরিবহন কঠোর নিষেধাজ্ঞার বাইরে থাকবে। তবে জেলাজুড়ে কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলতে কাজ করবে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ টিম ও পুলিশবাহিনী।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.