বাংলা কেন ’৪৭য়ে স্বাধীন হলো না : সাঈদ তারেক

মুখবন্ধ:

 

আমি ইতিহাসের ছাত্র নই। দেশ দুনিয়ার ইতিহাস বিষয়ে আমার জ্ঞান ততটুকুই যতটুকু থাকা দরকার। ইতিহাসের পাতা ওল্টাতে গিয়েই এক জায়গায় এসে থমকে পড়েছিলাম। আমাদের এই বাংলাদেশ ১৯৭১এ নয় তারও ২৪ বছর আগে ‘৪৭ সালেই স্বাধীন হয়ে যেতে পারতো! কোন যুদ্ধ বিগ্রহ বা ৩০ লক্ষ শহীদের রক্ত ২ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময় ছাড়াই, আলোচনার মাধ্যমেই পেয়ে যেতাম আমরা স্বাধীনতা। সে স্বাধীনতা শুধু বাংলার এক অংশের নয়, স্বাধীন হতো আজকের পশ্চিম বাংলা মিলে গোটা বাংলাদেশ!

 

কিন্তু কেন হলো না সে সময় বাংলাদেশ স্বাধীন, কারা ষড়যন্ত্র করলো অখন্ড বাংলার সে স্বাধীনতার বিরুদ্ধে, কাদের কূটচালে নস্যাৎ হয়ে গেলো সে প্রচেষ্টা, কারা ধামাচাপা দিয়ে রেখেছে সে ইতিহাস, কেন মানুষকে জানতে দেওয়া হয় না সেদিনের সেই শঠতা স্বার্থপরতা আর প্রমত্ত সাম্প্রদায়িকতার কাহিনী- ইতিহাসের এই না বলা অধ্যায়ে গিয়ে চমকিত হয়েছি শিহরিত হয়ে উঠেছি, মাঝে মাঝে বিষ্ময়ে বিমূঢ় হয়েছি।

 

১৯৪৭-এ আমার জন্ম হয় নাই। কাজেই ‘৪৭ বা তার আগে পরের ঘটনাপ্রবাহ আমি দেখি নাই। জ্ঞানবুদ্ধি যেদিন থেকে, জেনে এসেছি ভারতবর্ষ একটা দেশ। মুসলমানদের কাছ থেকে কেড়ে নিয়ে বৃটিশরা তা শাসন করতো। ‘৪৭-এর মধ্য আগষ্টে তারা চলে গেছে। যাবার আগে একটা অংশ আলাদা করে পাকিস্তান নামে একটা দেশ বানিয়ে দিয়ে গেছে। বাকি অংশ রয়ে গেছে ভারত হিসেবে। পাকিস্তান হয়েছিলো মুসলমানদের জন্য, ভারত ছিলো হিন্দুদের জন্য। এই হচ্ছে আমার মৌলিক জ্ঞান। এরপর পড়েছি। বেশ কিছু শুনে জেনেছি। পড়ে জেনে জ্ঞানের ভান্ডার স্ফীত করেছি।

 

সেই পাকিস্তান আমল থেকে একটা কথা প্রায়ই শুনে আসছি, ‘সাতচল্লিশের দেশ ভাগ।’ কথাটার মধ্যে কেমন এক ধরনের দু:খ দু:খ বোধ অনুভব করতাম। আহা একটা দেশ ছিলো, দেশটা ভাগ করে ফেলা হলো! কেমন এক ধরনের অন্যায় কাজ। অবশ্য দেশ বলতে কোনটা বোঝানো হতো-বাংলা না গোটা ভারতবর্ষ এ বিষয়টা অষ্পষ্টই রয়ে গেছিলো। পরে জানলাম পাকিস্তান হয়েছিলো যে দ্বি-জাতি তত্বের ভিত্তিতে তা ছিলো ভুল। হাজার মাইল ব্যবধানে দুই অংশ মিলিয়ে যে একটা দেশ, তা আরো বড় ভুল। সবকিছু মিলে খুবই একটা খারাপ ব্যপার ঘটেছিলো সে বার। তবে একটা ব্যপার স্পষ্ট ছিলোনা এই খারাপ ব্যপারগুলো ঘটিয়েছিলো কারা!

 

আবার মাঝে মাঝে এটাও ভাবতাম সবই যখন ছিলো ভুল তাহলে শুদ্ধ হতো কোনটা! ভারতবর্ষ না ভাঙ্গা! পাকিস্তান না হওয়া! পাকিস্তান যদি না হতো কি হতো তাহলে! ভারতবর্ষ এক থাকতো। ভারতবর্ষ যদি এক থাকতো বাংলাদেশ আসতো কোত্থেকে! আজকে এই যে বাঙ্গালী বা বাংলাদেশী এ পরিচয়টা কিভাবে পেতাম! এও ভেবেছি ভারতবর্ষ এক থাকলে বাঙ্গালীরা কি পিন্ডির বদলে দিল্লীর বিরুদ্ধে যুদ্ধ করতো! হয়তো না। তার দরকার পরতো না। নিশ্চয়ই দিল্লী পিন্ডির মতো বাঙ্গালীদেরকে শোষন করতো না। যেমন এখন পশ্চিমবঙ্গকে করছে না। পশ্চিমবঙ্গ যেমন আজ ভারতের একটি অংশ হয়ে পরম সুখে দিন কাটাচ্ছে আমরাও তেমনি তাদের সাথে মিলেমিশে মৌজেই থাকতাম। তাদের বিরুদ্ধে অস্ত্র ধরে দেশ স্বাধীন করার দরকার হতো না। আমাদের জাতীয়তা হতো ভারতীয়। বাংলাদেশের পাসপোর্টের বদলে বহন করতাম ভারতীয় পাসপোর্ট। কি একটা মহানন্দের ব্যপারই না হতো!

 

এই জ্ঞানবুদ্ধি দিয়েই এক সময় বুঝতে শিখলাম ’৪৭-এ পাকিস্তান হওয়া যেহেতু একটা খারাপ কাজ ছিলো এটা যারা বানিয়েছিলো, লোকগুলো ছিলো ভিলেন। এরা আমাদের বাংলা এবং বাঙ্গালীর ক্ষতি করে দিয়ে গেছে। আমাদের এক শ্রেনীর ইতিহাসবিদ আর ‘প্রগতিশীল’ লিখিয়েরা তো পাকিস্তানের জনক বলে কথিত মোহাম্মদ আলী জিন্নাহকে একজন খলনায়করূপেই তুলে ধরেছেন, যেন এই লোকটাই ভারতবর্ষের যত সর্বনাশ কওে দিয়ে গেছে। যে সংগঠন পাকিস্তান কায়েমে অগ্রনী ভুমিকা নিয়েছিলো সেই মুসলিম লীগ তো এখন ইতিহাসের আস্তাকুড়ে। তবে এসব ইতিহাসবিদ এবং লিখিয়ের অধিকাংশই যেহেতু হালে নৌকার সওয়ারি তারা সে সময় একদা বঙ্গবন্ধুর নেতা সোহরাওয়ার্দী বা খোদ বঙ্গবন্ধুর ’৪৬-’৪৭-এর ভুমিকার প্রসঙ্গে যান না। অথচ ইতিহাস বলে, এই সোহরাওয়ার্দী সাহেবই ছিলেন সেদিন বাংলাকে এক রাখার, অখন্ড বাংলার স্বাধীনতা আন্দোলনের অন্যতম মহানায়ক। একজন প্রকৃত বাঙ্গালী জাতীয়তাবাদী নেতা, ’৪৭-এ যিনি শুধু বাংলার স্বার্থই দেখেছেন, বাংলাকে এক রাখতে চেয়েছেন, অখন্ড বাংলার স্বাধীনতা চেয়েছেন। ওই ‘প্রগতিশীল’ লিখিয়েরা অত্যন্ত সুকৌশলে ধামাচাপা দিয়ে রেখেছে সেই ইতিহাস। কখনও যায়না ও অধ্যায়ে।

 

অখন্ড বাংলার স্বাধীনতার পিঠে ছুড়ি মারার সে শঠতার ইতিহাস সংকলিত করে একটি দীর্ঘ নিবন্ধ রচনা করি ২০১০-এর মার্চে। লেখাটি চার কিস্তিতে নিউ ইয়র্ক থেকে প্রকাশিত সাপ্তাহিক ‘বাংলা পত্রিকায়’ প্রকাশ হয় মার্চের ২২ থেকে এপ্রিলের ১২ পর্যন্ত। প্রথম কিস্তি ছাপা হওয়ার পর থেকেই ব্যপক সাড়া পাই পাঠকদের কাছ থেকে। আমেরিকার বিভিন্ন শহরে বসবাসকারি এসব পাঠকের অনেকেই নিবন্ধটি বই আকারে প্রকাশের অনুরোধ জানান। কেউ কেউ সমুদয় খরচ যোগানোরও প্রস্তাব করেন। তখন থেকেই বুঝতে পারছিলাম সত্য জানতে মানুষের কি প্রচন্ড আগ্রহ।

 

ইচ্ছা ছিলো সুবিধামতো কোন এক সময় বই আকারে নিবন্ধটি প্রকাশ করবো। কিন্তু দীর্ঘদিন পর এবারের বই মেলায় দেখা হলে অগ্রজতূল্য বন্ধু খায়রুল বাশার বিশেষভাবে অনুরোধ করেন যেন দেরী না করে এবারের বই মেলায়ই কাজটা সেড়ে ফেলি। প্রকাশনা সংক্রান্ত অনেক দায়িত্বই তিনি নিয়ে নেন। অনেকটা তারই উৎসাহে পুরনো ফাইল খুলে নিয়ে বসা। খায়রুল ভাইয়ের কাছে কৃতজ্ঞ রইলাম। নিউ ইয়র্কের ‘সাপ্তাহিক বাংলা পত্রিকা’ কর্তৃপক্ষ, উত্তর আমেরিকার পাঠক যারা নিয়ত: আমাকে উৎসাহ যুগিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞ। সকলের উৎসাহই এই বইয়ের ভিত্তি। নিবন্ধটি রচনায় বেশ কয়েকটি গ্রন্থ প্রবন্ধের সহায়তা নিতে হয়েছে। কিছু তথ্য সংগ্রহ করেছি উইকিপিডিয়া থেকে। তবে সিংহভাগ তথ্যের যোগান এসেছে জনাব আব্দুল মান্নানের ‘বঙ্গভঙ্গ থেকে বাংলাদেশ’ বইটি থেকে। জনাব মান্নানের প্রতিও কৃতজ্ঞতা জানাচ্ছি।

 

পত্রিকায় প্রকাশের জন্য নিবন্ধ- অনেকটা ছোট করেই লিখতে হয়েছিলো সে সময়ে। ইচ্ছা ছিলো বই যখন করবো আরো অনেক উদ্ধৃতি তথ্য সন্নিবেশিত করবো এতে। তাড়াহুড়োর কারনে এবারও অনেক প্রসঙ্গের বিস্তারিত বর্ণনায় যেতে পারলাম না। ইচ্ছা রইলো পরবর্তী সংষ্করনে নিবন্ধটিকে আরো তথ্যসমৃদ্ধ করবো। যদি ভালো লাগে বইটি, যদি সেদিনের সেই বিষ্মৃত ইতিহাসের পাতা উল্টিয়ে ছোট হলেও একটি শ্বাস বের হয়ে আসে বুক থেকে, মনে করবো আমার এ প্রচেষ্টা সার্থক।

 

 

 

 

সাঈদ তারেক

 

ঢাকা, ১২ ফেব্রুয়ারি, ২০১১

 

Saeedtarek@yahoo.com

 

 

 

 

প্রথম প্রকাশ:

 

একুশে বইমেলা ২০১১

 

প্রকাশক:

 

সাঁকোবাড়ি প্রকাশন

 

৭২/গ, কদমতলা, বাসাবো, ঢাকা-১২১৪

 

 

 

 

 

 

 

এক

 

‘৪৭-এ ভারতবর্ষ থেকে আলাদা হয়ে পাকিস্তান নামক রাষ্ট্র গঠনের প্রেক্ষিত সূদুর বিস্তৃত। এ উপাখ্যানকে তুলে ধরা হয়েছে যার যার দৃষ্টিকোন থেকে। ভারতীয় ইতিহাসবিদরা লিখেছেন তাদের মতো করে। যেখানে দেখানো হয়েছে পাকিস্তান প্রতিষ্ঠার জন্য তৎকালীন মুসলমানদের দাবী এবং আন্দোলন ছিলো সাম্প্রদায়িকতার প্রকাশ। মুসলমানদের পৃথক আবাসভুমি প্রতিষ্ঠার দাবী ছিলো অযৌক্তিক। মুসলিম লীগ ভারত ভেঙ্গে পাকিস্তান গঠন করে অন্যায় করেছে। আর জিন্নাহ সাহেব হচ্ছেন এই অন্যায় অপকর্মের নাটের গুরু।

 

‘৪৭-এর পর পাকিস্তান আমলে এ দেশীয় ইতিহাসবিদেরা লিখেছেন ভিন্নভাবে। তারা ভারতীয় লিখিয়েদের দাবী খন্ডন করে বলতে চেয়েছেন দ্বি-জাতি তত্ব সঠিক ছিলো। ভারতবর্ষের মুসলিম সংখ্যাগড়িষ্ট অঞ্চলগুলো নিয়ে পাকিস্তান প্রতিষ্ঠা কোন ভুল কাজ ছিলো না। এই কাজের অগ্রনায়ক ছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ। অতএব তিনি কায়েদে আজম বা পাকিস্তানী জাতির জনক। অথচ ভারতীয় এবং পাকিস্তানী উভয় সম্প্রদায়ের ইতিহাসবিদরা যে বিষয়টা সযত্নে এড়িয়ে গেছেন বা ভিন্নভাবে উপস্থাপন করেছেন তা হচ্ছে ‘৪৭-য়েই ‘অখন্ড বাংলার স্বাধীনতা’ আন্দোলনের উপাখ্যানটি!

 

আমাদের দেশে অর্থাৎ তৎকালীন পাকিস্তানের এ অংশে এক শ্রেণীর ইতিহাসবিদ এবং বুদ্ধিজীবি ’৪৭-এ পাকিস্তান প্রতিষ্ঠা মেনে নিতে পারেননি। বামধারায় উদ্বুদ্ধ এসব পন্ডিত দ্বি-জাতি তত্বের বিরোধীতাকে প্রগতিশীলতা মনে করতেন। এরা বলতেন ভারতীয় কংগ্রেসের সে সময়কার নীতি আদর্শই ছিল সঠিক (যদিও ইতিহাস বলে কংগ্রেসই হচ্ছে এই দ্বি-জাতিতত্বের মূল উদ্গাতা)। ওই পন্ডিতদের মতে কংগ্রেস ছিল একটি অসাম্প্রদায়িক দল। ’৪৭-এ কংগ্রেস যা করতে চেয়েছিলো সেটাই হতো সঠিক কাজ।

 

’৭১ পর্যন্ত যতদিন এ অঞ্চল পাকিস্তান ছিলো ওই চক্রটি তাদের প্রচারনা চালাতেন কৌশলে। এক পর্যায়ে পাঞ্জাবীদের শাষন শোষণের বিরুদ্ধে মানুষের ক্ষোভ উষ্মায় ওই সব প্রচারণা বাতাস যোগায়। স্বাধীনতার পর তো খোলা আম বলা হতে থাকে ’৪৭-এ পাকিস্তান প্রতিষ্ঠা ছিলো এক মহা অন্যায়। বাংলাদেশ স্বাধীন করে সেই অন্যায় বা ভুলের সংশোধন করা হলো। এখন এই প্রচারনাটাই প্রতিষ্ঠিত। যদিও এসব প্রগতিশীল কখনো খোলাশা করে এটা বলেন না ’৪৭-এ আজকের বাংলাদেশ পাকিস্তানের অংশ না হলে কোথায় থাকতো। বা আজকে কি পরিচয় থাকতো এ ভুখন্ডের এবং মানুষদের!

 

পাকিস্তান আন্দোলন বা পাকিস্তান প্রতিষ্ঠার প্রেক্ষিত এক দিন দুইদিনের নয়। এর পেছনে কাজ করেছে তৎকালীন আর্থ সামাজিক অবস্থা এবং আবহমানকাল ধরে শোষন বঞ্চনার শিকার সাধারন মানুষের মনে পুঞ্জিভূত ক্ষোভ হতাশা। এ এক বিশাল আলোচনা। শত শত বই পুস্তক রচনা হয়েছে এর ওপর। লিখিয়েরা যে যার দৃষ্টিতে দেখেছেন, লিখেছেন নিজেদের মতো করে। ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন, ভারতভাগ, দ্বি-জাতিতত্বের ভিত্তিতে পাকিস্তান এবং ভারতের স্বাধীনতা, এগুলো ছিলো এ উপমহাদেশে গত শতকের প্রথম অর্দ্ধভাগের তুমুল ঘটনাপ্রবাহ। শুধু ঘটনাপ্রবাহ নয়, সর্বব্যাপী আন্দোলন। এই আন্দোলন বা ঘটনাপ্রবাহ নিয়ে লেখা যশোবন্ত সিং-য়ের এক বই গত বছর রীতিমতো হৈ চৈ বাঁধিয়ে ফেললো। বইটা ছাপা হওয়ার পর পর তার সাবেক দল যা করলো মনে হলো যেন তিনি হাটে হাঁড়ি ভেঙে দিয়েছেন। গুজরাট সরকার তড়িঘরি সে রাজ্যে বইটা নিষিদ্ধ করে দেয়। মোহাম্মদ আলী জিন্নাহকে এতদিন যেভাবে ভিলেন হিসেবে দেখানো হয়ে আসছিলো যশোবন্ত সিং তার বইয়ে বললেন উল্টোটা। তিনি বললেন জিন্নাহ ছিলেন আসলে হিন্দু-মুসলিম ঐক্যের দূত। নেহেরু আর প্যাটেলের গোয়ার্তুমীর কারনেই ’৪৭-এ ভারত ভেঙ্গেছে। হঠাৎ করেই জিন্নাহ ভিলেন থেকে হিরো হয়ে উঠলেন যেন!

 

এতদিনে বের হয়ে আসছে, স্বীকার করা হচ্ছে, যে দ্বি-জাতি তত্ব জিন্নাহর কন্ঠে উচ্চারিত হয়েছে তার মূল উদ্গাতা তৎকালীন কংগ্রেস। ইতিহাস বলছে কংগ্রেসের সে সময়ের নেতৃত্বই দ্বি-জাতি তত্বের প্রেক্ষিত রচনা করেছিলেন, মুসলিম লীগ তা ধারন করেছে। জিন্নাহ সাহেব মুসলিম লীগ করতেন না, ছিলেন কংগ্রেসের নেতা। এমন পরিস্থিতির উদ্ভব ঘটানো হয়েছিলো, এই কংগ্রেস নেতা সেদিন নিজ দল ছেড়ে মুসলিম লীগে এসে দ্বি-জাতি তত্ব গিলতে বাধ্য হয়েছিলেন।

 

সেদিনের গান্ধী-নেহেরু-প্যাটেল-জিন্নাহ আজ গত। তারা সেদিন যে যেভাবে বুঝেছেন যার যার দায়িত্ব পালন করে গেছেন। ইতিহাস তৈরী করে দিয়ে গেছেন। সেই ইতিহাসের ওপরই দাঁড়িয়ে আমাদের বর্ত্তমান। ’৪৭-এ দ্বি-জাতি তত্বের ভিত্তিতে ভারত ভাগ হয়ে দু’টি দেশ হয়েছিলো, এটাই বাস্তব এটাই ইতিহাস, এটাই আমরা জানি। কিন্তু সেদিন বাংলা ভাগ হয়েছিলো কেন, কোন তত্বের ভিত্তিতে সেদিন কংগ্রেস নেতৃত্ব বাংলাকে ভাগ করেছিলেন সে কথা কোথাও পড়িনা, কোন ইতিহাসবেত্তা লেখেন না সে উপাখ্যান। ‘অসাম্প্রদায়িক’ ‘প্রগতিশীল’ নামাবলী গায়ে চাপিয়ে যারা সত্য আর ন্যায়ের দিশারি সেজেছেন ইতিহাসের এই পাতায় এলে তারা চোখ বন্ধ করে থাকেন!

 

চলবে………………….

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.