রহস্যজনকভাবে নিখোঁজ ইসলামী বক্তা আবু ত্ব-হা মোহাম্মদ আদনান এবং তার তিন সঙ্গীর সন্ধান দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ দাবি জানান।
১০ জুন রংপুর থেকে ঢাকা আসার পথে আবু ত্ব-হা মোহাম্মদ আদনান, তার সঙ্গে থাকা আব্দুল মুহিত, মোহাম্মদ ফিরোজ ও গাড়িচালক আমির উদ্দিন ফয়েজ নিখোঁজ হওয়ায় ‘গভীর উদ্বেগ প্রকাশ করে’ বিএনপি মহাসচিব বিবৃতিতে বলেছেন, নিখোঁজ হওয়ার ৬ দিন অতিক্রান্ত হলেও এখন পর্যন্ত তাঁদের খোঁজ বা অবস্থান জানাতে পারে নাই সরকার। এ বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপও নেই।
আদনানের স্ত্রী-পরিবারসহ অন্যরা প্রধানমন্ত্রীর দপ্তর, থানা-পুলিশ, র্যাবসহ বিভিন্ন দপ্তরে ঘুরলেও তাদের জিডি পর্যন্ত গ্রহণ করা হয় নাই বা কোন পদক্ষেপ নেওয়া হয় নাই, যা খুবই দুঃখ- উদ্বেগ ও রহস্যজনক। বিগত ১২ বছরে বর্তমান সরকারের আমলে ভিন্নমতাবলম্বী বিরোধী রাজনৈতিক নেতা-কর্মী, মানবাধিকার কর্মী, সাংবাদিক, লেখক, ব্লগার, ব্যবসায়ী, মুক্ত চিন্তার মানুষ, আলেম-ওলামাসহ বিভিন্ন শ্রেণি-পেশার অসংখ্য মানুষের গুম হওয়ার প্রেক্ষাপটে বিশিষ্ট ইসলামী বক্তা আবু ত্ব-হা মোহাম্মদ আদনান এবং তার তিন সঙ্গীর নিখোঁজ হওয়ায় জনমনে আতঙ্ক বৃদ্ধি পেয়েছে এবং তারাও গুমের শিকার হলেন কি-না সেই প্রশ্নের সৃষ্টি হয়েছে।
মির্জা ফখরুল বলেন, বর্তমান সরকারের আমলে মানুষের জান-মালের কোনো নিরাপত্তা নাই। স্বাভাবিক মৃত্যুর কিংবা নিরাপদ জীবন যাপন ও স্বাধীনভাবে চলাফেরার নিরাপত্তা ও নিশ্চয়তা নাই। সব কিছুতেই অনিশ্চয়তা ও নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে।
বিএনপি মহাসচিব বিবৃতিতে অবিলম্বে নিখোঁজ আবু ত্ব-হা মোহাম্মদ আদনানসহ তার সহযাত্রীদের সন্ধান ও অবস্থান জানাতে সরকারের প্রতি জোর দাবি জানান। একইসঙ্গে তিনি গণতন্ত্রকামী দল, মানবাধিকার ও পেশাজীবী সংগঠনসহ সকল নাগরিককে তাদের সন্ধান ও অবস্থান জানানোর দাবিতে এবং গুমের সংস্কৃতির বিরুদ্ধে সোচ্চার হওয়ারও আহ্বান জানান।

