টিকা উৎপাদনের সক্ষমতা রয়েছে বাংলাদেশের: প্রধানমন্ত্রী

টিকা উৎপাদনে বাংলাদেশের সক্ষমতা রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, আমাদের সরকার টিকার জন্য রাশিয়ার সঙ্গে সংযুক্ত আছে। আমাদের যদি টিকা উৎপাদন চেইনে নেয়া হয়, আমরা বিশ্ব সম্প্রদায়কে সহায়তা দিতে পারবো।

বুধবার (২৩ জুন) তিন দিনব্যাপী নবম মস্কো আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনে ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

এসময়, যে কোনো মূল্যে দেশের সব নাগরিককে বিনামূল্যে কোভিড-১৯ টিকাদানের আওতায় আনার অঙ্গীকার ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, সম্ভাব্য সব উৎস থেকে সরকার টিকা সংগ্রহ করার চেষ্টা করছে।

করোনা প্রসঙ্গ উল্লেখ করে বঙ্গবন্ধু কন্যা বলেন, বর্তমান সময়ে এটি বিশ্বের অন্যতম বড় সমস্যা। এটি শুধু লাখ লাখ জীবনই নেয়নি, অর্থনীতিকে বিধ্বস্ত করে দিয়েছে এবং সারাবিশ্বের কোটি কোটি মানুষের জীবিকাকে ক্ষতিগ্রস্ত করেছে।

প্রধানমন্ত্রী বলেন, বিভিন্ন সেক্টরে প্রণোদনা প্রদান এবং সবার স্বাস্থ্যসেবা নিশ্চিত করার মাধ্যমে বাংলাদেশ সরকার এ মহামারিবিরোধী লড়াইয়ে ঘুরে দাঁড়ানোর সক্ষমতা দেখিয়েছে।

কক্সবাজারে আশ্রয় নেয়া রোহিঙ্গা প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, চার বছরের বেশি সময় ধরে মিয়ানমার থেকে জোরপূর্বক বিতাড়িত ১ দশমিক ১ মিলিয়নের বেশি রোহিঙ্গা নাগরিককে আশ্রয় দিয়ে আসছি আমরা। মানবিক দৃষ্টিকোণ থেকে তাদের আশ্রয় দিয়েছি।

কিন্তু দীর্ঘসময় ধরে এখানে এত বিপুল সংখ্যক মানুষের আশ্রয়স্থল হতে পারে না। মিয়ানমারের রোহিঙ্গা নাগরিকদের তাদের মাতৃভূমিতে সম্মানজনক ও শান্তিপূর্ণ প্রত্যাবর্তন নিশ্চিতে সহায়তা করতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি অনুরোধ জানান প্রধানমন্ত্রী।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.