জিয়াউর রহমানের রাজনীতি কর্মনির্ভর : গয়েশ্বর রায়

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, জিয়াউর রহমানের রাজনীতি কর্মনির্ভর। আর যারা জিয়াউর রহমানকে অপছন্দ করেন তাদের রাজনীতি হলো ভাষণনির্ভর। অনেকের কথা বেশি। জিয়াউর রহমান কথা কম বলতেন, কাজ বেশি করতেন। তিনি অচল অবস্থা থেকে জাতিকে সচল করেছেন। তার প্রতি সবার কৃতজ্ঞতা থাকা উচিত।

শুক্রবার (৪ জুন) বিকালে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০তম শাহাদতবার্ষিকী উপলক্ষে এক ভার্চুয়াল আলোচনা সভায় তিনি এসব কথা বলেছেন।

 

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আমি জিয়ার কথাই বলবো। একবার বলবো, বারবার বলবো। আমি জিয়ার পথেই চলবো এবং জিয়ার কথাই বলবো। আমাদের এই রাষ্ট্রীয় জীবনে জিয়াউর রহমান আকস্মিকভাবে উপস্থিত হয়েছিলেন জাতির ক্রন্তিলগ্নে। ব্যাংক বীমা, শিল্প কল-কারখানা এবং কৃষি বিপ্লব অর্থাৎ বহুমুখি কর্মপন্থা নিয়ে ১৯ দফার ভিত্তিতে তিনি তার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছিলেন। বাংলাদেশে প্রথম তিনিই একমাত্র সরসরি জনগণের ভোটে নির্বাচিত রাষ্ট্রপতি।

গয়েশ্বর আরো বলেন, ১৯৭১ সালের ২৬ মার্চ জিয়াউর রহমানই প্রথম নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা দিয়ে যুদ্ধ ঘোষণা করেন। প্রশ্ন আসতে পারে তিনি রাষ্ট্রপতি কেন। যেহেতু তিনি সেনা বিদ্রোহ করেছেন এবং সেনা বিদ্রোহের মধ্যে দিয়ে স্বাধীন বাংলার শব্দটি উচ্চারণ করেছেন, জনগণকে অবহিত করেছেন তাহলে তো একটি সরকার দরকার। সেই কারণেই তিনি তখন নিজেকে রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা দেন।

স্থায়ী কমিটির এই সদস্য আরো বলেন, পরবর্তীতে তিনি তা সংশোধন করেন। কিন্তু তিনি রাষ্ট্রপতি নন একথা বলেননি। তিনি বলেছিলেন আমি মেজর জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা দিচ্ছি। কার? অর্থাৎ আমাদের মহান নেতা শেখ মুজিবের পক্ষে তার অবর্তমানে। তিনি কিন্তু বলেননি শেখ মুজিবের নির্দেশে। সে কারণেই আজকে যারা নাকি বলে বেতারের মাধ্যমে অথবা চিরকুটের মাধ্যমে কে বা কারা, যিনি দেশের স্বাধীনতা ঘোষণা করেছেন। তার জীবদ্দশায় তিনি একথা কখনও বলেননি, দাবিও করেননি। আজকে যারা এটি করতে চায় জিয়াউর রহমানকে বাদ দিয়ে অন্যকে প্রতিষ্ঠিত করে, ইতিহাসকে মুছে ফেলতে চায় তারা একটি ভুল কাজে হাত দিয়েছেন। বরং জিয়াউর রহমানের প্রতি কৃতজ্ঞতা থাকা উচিত।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.