খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে যেতে দিন: ১৫৫৭ সাংবাদিকের বিবৃতি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ দেয়ার জন্য সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন দেশের ১৫৫৭ সাংবাদিক।

এক যুক্ত বিবৃতিতে এ আহ্বান জানান সাংবাদিকবৃন্দ। তারা বর্ষীয়ান এই রাজনীতিবিদকে আদালতে স্থায়ী জামিন প্রদানের মাধ্যমে জেল থেকে মুক্তি দেয়ারও দাবি জানান।

বিবৃতিতে তারা বলেন, খালেদা জিয়া মারাত্মক অসুস্থ। তার শারীরিক অবস্থা বর্তমানে খুবই ঝুঁকিপূর্ণ। এ পরিস্থিতিতে তার চিকিৎসা নিয়ে কখনো রাজনীতি কেনোমতেই বাঞ্ছনীয় নয়।
সাংবাদিকরা বিবৃতিতে বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বয়স এখন ৭৬ বছর। এই প্রবীণ বয়সেও তিনি জেলবন্দী। অবশ্য সরকারের বিশেষ অনুমতিতে শর্তযুক্ত মুক্তিতে তিনি এখন নিজ বাসভবনে অবস্থান করছেন। নানা রোগাক্রান্ত হয়ে তিনি অত্যন্ত অসুস্থ।

দীর্ঘ চার বছর তার যথাযথ কোনো চিকিৎসা হয়নি। কারাগারে অমানবিক পরিবেশেও তিনি অনেক নতুন রোগে আক্রান্ত হয়েছেন। হার্টের সমস্যা, লিভারের সমস্যা, কিডনি ও চোখের সমস্যা ছাড়াও পুরনো আর্থ্রাইটিস এবং নতুন করে কোভিড-১৯ আক্রান্ত হওয়া ও কোভিড পরবর্তী জটিলতায় তার শারীরিক অবস্থা খুবই ঝুঁকিপূর্ণ।

সাংবাদিকরা বিবৃবিতে বলেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, বহুদলীয়, গণতন্ত্র, বিচার বিভাগের স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা এবং এদেশের উন্নয়নে খালেদা জিয়ার অসামান্য অবদান রয়েছে। ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে সরকার কর্তৃক সংবাদপত্র বন্ধ করে দেয়ায় সরকারি ক্ষমতা প্রত্যাহারসহ পত্রিকার ডিক্লারেশন প্রাপ্তিকে সহজ করে দিয়েছিলেন। আকাশ-সংস্কৃতির দরোজা খুলে দেয়ার পাশাপাশি জাতীয় প্রেস ক্লাবের জন্য সরকারি জমির বরাদ্দ চিরস্থায়ী করে দিয়েছিলেন।

আমরা আশা করি এমন একজন দেশপ্রেমিক রাজনীতিবিদের সামগ্রিক অবদান এবং তার বার্ধক্যের এই কঠিন সময়ের কথা বিবেচনা করে সরকার রাজনীতির ঊর্ধ্বে উঠে বেগম খালেদা জিয়ার প্রতি সহানুভূতিশীল আচরণ প্রদর্শন করবেন। তিনি যাতে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে পারেন তার ব্যবস্থা করলে সরকারের এই পদক্ষেপকে দেশবাসী ইতিবাচক হিসেবেই দেখবে।

বিবৃতিতে স্বাক্ষরদাতা বিশিষ্ট ও সিনিয়ার সাংবাদিকদের মধ্যে রয়েছেন-

রিয়াজ উদ্দিন আহমেদ (সাবেক এডিটর, নিউজ টুডে, সাবেক সভাপতি, জাতীয় প্রেস ক্লাব), আলমগীর মহিউদ্দিন (সম্পাদক, নয়া দিগন্ত), আমানউল্লাহ (সাবেক প্রধান সম্পাদক, বাসস), আবুল আসাদ (সম্পাদক, দৈনিক সংগ্রাম), শওকত মাহমুদ (সাবেক সভাপতি, জাতীয় প্রেস ক্লাব) ড. রেজোয়ান সিদ্দিকী (সম্পাদক, দৈনিক দিনকাল), মোস্তফা কামাল মজুমদার (সম্পাদক, দ্য নিউ নেশন), সালাহ উদ্দিন মোহাম্মদ বাবর (ভারপ্রাপ্ত সম্পাদক, নয়া দিগন্ত), সৈয়দ মেজবাহ উদ্দিন আহমেদ (উপদেষ্টা সম্পাদক, বাংলাদেশ খবর), কবি আবদুল হাই শিকদার (সাংবাদিক ও কবি), এরশাদ মজুমদার (সাংবাদিক ও কবি), কামাল উদ্দিন সবুজ (সাবেক সভাপতি, জাতীয় প্রেস ক্লাব), সৈয়দ আবদাল আহমদ (নির্বাহী সম্পাদক দৈনিক আমার দেশ, সাবেক সাধারণ সম্পাদক জাতীয় প্রেস ক্লাব), মাসুমুর রহমান খলিলী (উপ সম্পাদক, দৈনিক নয়া দিগন্ত), আমিনুর রহমান সরকার (সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক, দৈনিক দিনকাল), এম আবদুল্লাহ (সভাপতি, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন), নুরুল আমিন রোকন (মহাসচিব, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন), এম এ আজিজ (সাবেক মহাসচিব, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন), কাদের গনি চৌধুরী (সভাপতি, ঢাকা সাংবাদিক ইউনিয়ন), ইলিয়াস খান, সাধারণ সম্পাদক, জাতীয় প্রেস ক্লাব), শহিদুল ইসলাম (সাধারণ সম্পাদক, ঢাকা সাংবাদিক ইউনিয়ন), মুরসালিন নোমানী (সভাপতি, ঢাকা রিপোর্টার্স ইউনিটি) প্রমুখ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.