এনআইডির কার্যক্রম আগের স্থানেই, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে মনিটরিং : মন্ত্রী

জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) মূল কার্যক্রম বর্তমান অবস্থান আগারগাঁও থেকেই হবে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় তদারকি করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, এনআইডির কার্যক্রম হস্তান্তরে ‘লম্বা’ সময় লাগবে।

বৃহস্পতিবার সচিবালয়ে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

এনআইডি কার্যক্রম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হাতে এলে অধিদফতর করা হবে কি-না জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এনআইডির মূল কাজ ওই দিকেই থাকবে। এখান থেকে মনিটরিং হবে। এনআইডি নিয়ে অনেকে অনেক বিতর্ক করছে। এটা তো এমন এক জিনিস, ব্যাংক অ্যাকাউন্ট খুলতেও এনআইডি লাগে, মোবাইলে (সিম কিনতে) এনআইডি লাগে, শনাক্ত করতে এনআইডি লাগে।’

এনআইডির কার্যক্রম কবে নাগাদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আসছে- জানতে চাইলে তিনি বলেন, ‘এনআইডি হস্তান্তরে সরকারিভাবে মাত্র সিদ্ধান্ত হয়েছে। এটায় (হস্তান্তরে) লম্বা সময় লাগবে। আমাদের মন্ত্রণালয় একটা ব্যবস্থার মাধ্যমে কাজ শুরু করবে।’

এর আগে গত ১৭ মে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো পত্রে জাতীয় পরিচয় নিবন্ধন কার্যক্রম নির্বাচন কমিশন থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে হস্তান্তরের সিদ্ধান্তের কথা জানানো হয়। যদিও এখনো এনআইডি কার্যক্রম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে হস্তান্তরের বিষয়ে আরো আলোচনার কথা বলছে নির্বাচন কমিশনের কর্মকর্তারা।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.