উপহারের টিকায় করোনা মোকাবিলা সম্ভব নয়: জি এম কাদের

উপহার আর দানের সংগৃহীত অপর্যাপ্ত টিকা দিয়ে করোনার মত মহামারি মোকাবিলা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন, জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের।

তিনি বলেন, করোনাভাইরাসের ভারতীয় ধরন নিয়ে বাংলাদেশ হুমকির মুখে থাকলেও, টিকার জন্য উপহার আর ভিক্ষার ওপর ভরসা করতে হচ্ছে।

বুধবার (২৩ জুন) বেলা ১১টায় রাজধানীর বনানী কার্যালয়ে ‘সময়ের আয়নায় পল্লীবন্ধু’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

জি এম কাদের বলেন, প্রতিদিন স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আশ্বাসের কথা বলা হলেও কোনো সাফল্য আমরা দেখতে পাচ্ছিনা। টিকা কূটনীতিতে পুরোপুরি ব্যর্থ হয়েছে বাংলাদেশ। বিভিন্ন দেশ থেকে উপহারের ৫ থেকে ১০ লাখ টিকা পেয়ে স্বস্তির ঢেকুর তুলছেন স্বাস্থ্যমন্ত্রী। অথচ ১৮ কোটি মানুষের টিকা পাওয়ার বিষয়টি এখনো সম্পূর্ণ অনিশ্চিত। টিকার বিষয়ে দেশের মানুষের মাঝে হতাশা ছড়িয়ে পড়েছে বলেও উল্লেখ করেন জাপা চেয়ারম্যান।

তিনি আরও বলেন, উন্নত ও অনুন্নত দেশগুলো ইতোমধ্যেই রোডম্যাপ অনুযায়ী গণটিকা কর্মসূচি শুরু করেছে। এসব দেশের মানুষ জানে কখন তাদের টিকাদান কর্মসূচি শেষ হবে। কিন্তু আমাদের দেশে গণটিকা কখন শুরু হবে তা এখনো কেউই জানে না।

জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও ‘সময়ের আয়নায় পল্লীবন্ধু’ গ্রন্থের প্রকাশক আহসান আদেলুর রহমান এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত প্রকাশনা উৎসবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা ও অ্যাডভোকেট সালমা ইসলাম।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.