সেপটিক ট্যাংকে প্রাণ গেল দুই নির্মাণ শ্রমিকের

কুষ্টিয়ায় সেপটিক ট্যাংকে নেমে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ মে) ভোরে শহরের জুগিয়া পালপাড়া এলাকায় মর্মান্তিক এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, জেলার মিরপুর উপজেলার পশ্চিম গোবিন্দপুর গ্রামের ছামেদ মণ্ডলের ছেলে সাদেক বাচ্চু (৪০) ও একই এলাকার রুহুলের ছেলে মানিক (৩০)।

পুলিশ ও স্থানীয়রা জানান, নির্মাণ শ্রমিক সাদেক বাচ্চু কয়েকদিন আগে জুগিয়া পাল পাড়ায় বোনের বাড়িতে একটি সেপটিক ট্যাংক তৈরি করেন। শুক্রবার ভোরে কাজ করতে প্রথমে সেপটিক ট্যাংকের ভেতরে নামেন নির্মাণ শ্রমিক মানিক। কিছুক্ষণ তার কোনো সাড়াশব্দ না পাওয়ায় সাদেক বাচ্চুও ভেতরে নামেন। এরপর তারও কোনো সাড়াশব্দ না পেয়ে স্থানীয়দের খবর দেন বাড়ির মালিক আমিরুল ইসলাম। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত কবির বলেন, দীর্ঘ সময় সেপটিক ট্যাংক বন্ধ থাকায় সেখানে মিথেন গ্যাসের সৃষ্টি হয়। ধারণা করা হচ্ছে, গ্যাস আর অক্সিজেন সংকটের কারণে তাদের মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলেই বিষয়টি পরিষ্কার হবে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.