শেখ হাসিনা আজ কালজয়ী রাষ্ট্রনায়ক: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা রাজনীতিকের সীমানা পেরিয়ে রাষ্ট্রনায়কে রূপান্তর হয়েছেন। সংগ্রামী নেতা থেকে তিনি আজ কালজয়ী রাষ্ট্রনায়ক।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রোববার (১৭ মে) সকালে দলটির তথ্য ও গবেষণা উপকমিটির উদ্যোগে ‘শেখ হাসিনার চারদশক: বদলে যাওয়া বাংলাদেশের অপ্রতিরোধ্য অগ্রযাত্রা’ শীর্ষক তথ্যচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন।

ওবায়দুল কাদের বলেন শেখ হাসিনার জন্যই জাতি আজ মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে পেরেছে। শেখ হাসিনা একজন সংগ্রামী নেতা থেকে এখন জনপ্রিয় রাজনৈতিক ও উন্নয়নের নেতা হিসেবে পরিণত হয়েছেন। শেখ হাসিনা এসেছিলেন বলেই বঙ্গবন্ধুর খুনিদের ও যুদ্ধাপরাধীদের বিচারের রায় কার্যকর করা হয়েছে। তাই বাংলাদেশ পাপমুক্ত ও কলঙ্কমুক্ত হয়েছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, শেখ হাসিনার মতো নেতৃত্ব আছে বলেই বাংলাদেশ আজ সীমান্ত ও ছিটমহল সমস্যার সমাধান এবং সমুদ্রসীমা জয়লাভ করেছে। গঙ্গা নদীর পানির ন্যায্য পাওনা বুঝে পেয়েছে এবং অন্যান্য বিষয় নিয়েও সমাধান হবে। শেখ হাসিনা ফিরে এসেছিলেন বলেই নিজস্ব অর্থায়নে স্বপ্নের পদ্মা সেতুর নির্মাণ কাজ এখন প্রায় শেষের দিকে। অন্যান্য মেগা প্রকল্প, বিশেষ করে মেট্রোরেলসহ দক্ষিণ এশিয়ায় প্রথম নদীর তলদেশ দিয়ে বঙ্গবন্ধু টানেল নির্মাণ হচ্ছে।

ওবায়দুল কাদের মহাকাশ বিজয়ের কথাও স্মরণ করে দিয়ে বলেন, বাংলাদেশ আজ নিজস্ব স্যাটেলাইট যুগেও প্রবেশ করেছে, যার নেতৃত্বে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। বাংলাদেশ আজ পারমাণবিক বোমা ছাড়া আর্থসামাজিক সকল সূচকে পাকিস্তানকে পেছনে ফেলে দুর্বারগতিতে শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে। ৭৫ পরবর্তী বাংলাদেশে সবচেয়ে সফল, সাহসী এবং মানবিক রাষ্ট্রনায়কের নাম শেখ হাসিনা।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, দেশের মানুষের ভালোবাসায় শেখ হাসিনা টানা তৃতীয়বারসহ মোট চারবার রাষ্ট্রীয় ক্ষমতায় আছেন তার যোগ্য নেতৃত্বে। মানুষের জীবন ও জীবিকার কথা মাথায় রেখে করোনার এই মহামারিতে শেখ হাসিনা দেশকে স্থিতিশীল পর্যায়ে রাখতে পেরেছেন। খাদ্য ঘাটতির দেশকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খাদ্য উদ্বৃত্তের দেশে পরিণত করেছেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.