মোহাম্মদপুরে মা-বাবাসহ ২ বছরের শিশু কয়েলের আগুনে দগ্ধ

রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকার নবদয় হাউজিংয়ের একটি টিনশেড বাসায় মশার কয়েল থেকে লাগা আগুনে এক শিশুসহ মা-বাবা দগ্ধ হয়েছে। পরে তাদেরকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

গতকাল শুক্রবার রাত পৌনে ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

দগ্ধরা হলেন- মো. সোহেল (৩৫), তার স্ত্রী লাবনী আক্তার হাওয়া (২৫) ও ২ বছরের ছেলে সন্তান মো. মোসালিন।

চিকিৎসকরা জানান, সোহেলের শরীরে ৭৫ শতাংশ দগ্ধ, লাবনীর ৩০ ও মোসালিন ৮০ শতাংশ দগ্ধ হয়েছে।

স্থানীয়রা জানান, রাত ৩টার দিকে হঠাৎ তাদের রুমের ভেতরে চিৎকার শুরু হয়। পরে ঘুম থেকে উঠে তাদের রুমের সামনে গিয়ে সকলে দেখে রুমের ভেতর আগুন জ্বলছে, সোহেল ও লাবনী রুমের বাইরে, তাদের শরীরেও আগুন জ্বলছিলও। আর শিশুটি রুমের ভেতরেই ছিল। তখন তাকেও রুমের ভেতর থেকে বাইরে বের করে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী রুপা নামের এক নারী বলেন, সোহেল বেকার। আর তার স্ত্রী অন্যের বাসায় গৃহপরিচারিকার কাজ করে। তাদের আরেক বড় মেয়ে গ্রামের বাড়িতে থাকে। নবদয় হাউজিংয়ের সি ব্লকের ২নম্বর টিনশেড বাড়িতে ভাড়া থাকতো তারা। গত ২ মাস আগেই তারা এই বাসায় ভাড়া ওঠে। মশার কয়েল থেকে এই আগুন লাগতে পারে বলে তারা জানিয়েছে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার মাহফুজ রিবেন জানান, আমরা ২টা ৪৪ মিনিটে আগুনের সংবাদ পাই। এরপর আমাদের মোহাম্মাদপুর স্টেশনের ৩টি ইউনিট ঘটনাস্থলে যায়। কিন্তু তারা যাওয়ার আগেই আগুন নিভে গেছে। এরপর ওই বাসার একই পরিবারের ৩ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে জানা গেছে গ্যাস লাইন লিকেজ হওয়ায় রুমের ভেতর জমাট গ্যাস মশার কয়েলের সংস্পর্শে এসে এই আগুনের সূত্রপাত হয়। আগুনে তিনজন দগ্ধসহ গৃহস্থালি মালামালও পুড়ে গেছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.