মা দিবস প্রতিদিন

আজ মে মাসের দ্বিতীয় রোববার, বিশ্ব ‘মা দিবস’। পৃথিবীর মানুষ এই দিনটি উদযাপন করে পরম ভালোবাসা মমতা নিয়ে। মা’য়ের প্রতি সন্তানের ভালোবাসা প্রকাশের বিশেষ কোন দিনের প্রয়োজন হয় না। প্রতিটি দিনই হোক মা দিবস। মা হচ্ছেন একজন নারী, যিনি গর্ভধারণ, সন্তানের জন্ম তথা সন্তানকে বড় করে তোলেন। তিনিই সন্তানের প্রথম অভিভাবক ও আপনজন। সন্তানের পরম আশ্রয়। সন্তানের কাছে তার প্রতিটি দিনই মায়ের। তাইতো আবেগ ভালবাসা দুঃখ ও কষ্টে সবসময়েই সন্তানের মুখে অস্ফুট ‘মা’ শব্দটি সবার আগে বেরিয়ে আসে। মাকে একদম গরীব, মিসকিন, আলাভোলা, বোকা, কাজের লোক এবং জগতের সবচেয়ে নিরীহ নারী হিসাবে কেনো তুলনা করেন আপনারা অনেকেই বুঝিনা। মুরগীর হাড্ডি চিবানো, মাছের কাঁটা চিবানো মা হিসাবে দেখতে, একজন কাজের শ্রমিক হিসাবে দেখতে কেন এত ভালো লাগে আপনাদের মাকে? অনেক বড় রথী মহারথীদেরও দেখি নিজের মায়ের হাড্ডি চিবানোর গল্প, ঘরের কোনে পড়ে থেকে সারাজীবন মুখ বন্ধ করে কাজের লোকের মতো জীবন ধারনের গল্প করেন, এতে তারা গর্বও বোধ করেন। অথচ সংসারের সবচেয়ে অমূল্য সম্পদ মা এবং বাবা। অনেক কিছুর বিকল্প আছে কিন্তু প্রতিটা সন্তানের জীবনে মা এবং বাবার কোন বিকল্প নাই। অনেকেরই হয়তো সাংসারিক অবস্থা খারাপ থাকার কারনে মাকে অনেক কষ্ট করতে হয়েছে। তারা এখন মায়ের আরাম আয়েশ নিশ্চিত করুন। সংসারের অবস্থা ভালো হোক আর খারাপ, সংসারে মায়ের অবস্থান থাকবে সবার উপরে৷ শ্রমিক দিবসে অনেকেই দেখলাম নিজের মাকে শ্রমিক হিসাবে তুলনা করেন। মা কেনো শ্রমিক হবেন? যার যার সংসারের কাজ, বাচ্চা লালন পালন, রান্না বান্না, সংসার দেখাশোনা এসব তো মাকেই করতে হবে, জগত জুড়ে তাই করে সবাই। তারজন্য মা শ্রমিক হবে কেনো? অথচ মা বলতেই আমি জানি সংসারের সবচেয়ে জ্ঞানী এবং বুদ্ধিমান মানুষটি মা। সংসারের সকল কিছু যার নখদর্পনে তিনি মা। সংসারের ব্যাংক বলতেও মা। সংসারের সকল ক্ষমতার উৎস মা। মায়ের কাছে তার নিজের সংসারই একটা দেশ, একটা রাজ্য। তো সংসারের এই মূল্যবান মানুষটিকে কেন দাস হিসাবে, শ্রমিক হিসাবে, হাড্ডি চিবানো মানুষ হিসাবে আপনারা অনেকেই দেখতে পছন্দ করেন? মাকে কি আপনাদের মানুষ মনে হয়না? মা হয়েছে বলে কি তার ভালো খাদ্যের, নিজের যত্নের দরকার নেই? মায়ের জীবনে কি আনন্দ উল্লাস দরকার নেই? যারা মাকে শ্রমিক হিসাবে তুলনা করেন, তারা মাকে এই তুলনা দেওয়া বন্ধ করুন। মায়ের প্রতি যত্ন নিন। মা দিবসে হাড্ডি চিবানো মা না লিখে যার যার মাকে সংসারের সবচেয়ে মূল্যবান, বুদ্ধিমান হিসাবে মাকে নিয়ে গর্ব করুন। যে মা যত বেশি বুদ্ধিমান, সে সংসার তত উন্নত সকল দিক দিয়ে৷ মা মনে করেন, আমার সংসারে আমিই রানী। কিসের শ্রমিক, কিসের দাস, কিসের হাড্ডি চিবানো মা আবার৷ ঘরে যা রান্না হয়, আমিও যা খাবো, বাকিরাও তাই খাবে। আপনার মাকে যখন হাড্ডি চিবোতে, মাছের কাঁটা চিবোতে দেখবেন, তখন হাড্ডি আর কাঁটা সরিয়ে হাতে মুরগীর রান ধরিয়ে দিন, প্লেটে মাছের বড় অংশটা তুলে দিন৷ আর মায়েরাও নিজের প্রতি যত্নবান হোন৷ মায়ের পাশাপাশি নিজেকে একজন মানুষ ভাবুন। মা পৃথিবীতে সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ উপহার। দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিন। যতদিন ‘মা’ বেঁচে আছেন, ততদিন, প্রতিটি দিন পালন করুন মা দিবস হিসেবে। ভালো থাকুক পৃথিবীর সকল মা ভালোবাসা আর শ্রদ্ধায়।

 

আবু জাফর শিহাব(এল এল বি)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.