মমতার বিরোধী দলনেতা হলেন সেই শুভেন্দু

বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো সেই শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের বিরোধী দলীয় নেতা নির্বাচিত হয়েছেন।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, সোমবার কলকাতার হেস্টিংসে বিজেপি নেতাদের বৈঠকে শুভেন্দুকে দলনেতা নির্বাচিত করা হয়।

খবরে বলা হয়, দলের নতুন-পুরাতন বিবাদের কথা মাথায় রেখেই বিরোধী দলনেতা নির্বাচনে বসেছিল গেরুয়া শিবির।

বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে নিযুক্ত দলের দুই পর্যবেক্ষক, কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশংকর প্রসাদ এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ভূপেন্দ্র যাদব। দলের নবনির্বাচিত ৭৭ জন বিধায়ককেও এখানে ডাকা হয়। সেখানেই চূড়ান্ত হয় শুভেন্দুর নাম।

বিরোধী দলনেতা নির্বাচিত করতে কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ এবং দলের অন্যতম সর্বভারতীয় সাধারণ সম্পাদক ভূপেন্দ্র যাদবকে দায়িত্ব দিয়েছিল বিজেপি।

বৈঠক শেষে রবিশঙ্কর জানান, বিধানসভায় দলের নেতা এবং বিরোধী দলনেতা হিসেবে নব নির্বাচিত বিধায়কদের নাম প্রস্তাব করার কথা বলা হয়েছিল। দলের বিধায়ক তথা বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায় শুভেন্দু অধিকারীর নাম প্রস্তাব করেন। ওই নামে আরও ২২ জন বিধায়ক সমর্থন করেন। বাকি বিধায়করা কোনো নাম প্রস্তাব করেননি। তাই শুভেন্দুকেই দলের নেতা হিসেবে নির্বাচিত করা হল।

গত ডিসেম্বর তৃণমূল কংগ্রেস ছেড়ে গেরুয়া শিবিরে যোগ দেওয়া শুভেন্দু অধিকারীই এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরোধী নেতা হলেন। শুভেন্দুকে এবার ‘জায়ান্ট কিলার’ বলা হচ্ছে। মমতার মতো নেত্রীকে হারিয়ে চমক দেখিয়েছেন তিনি।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.